ময়মনসিংহ প্রতিনিধি: শম্ভুগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ময়মনসিংহ সিটি করপোরেশনের নবনিযুক্ত প্রশাসক রুকনুজ্জামান সরকার রোকনকে ফুলেল সংবর্ধনা দেওয়া হয়েছে। মঙ্গলবার দুপুরে নগরের শম্ভুগঞ্জ বাজারস্থ প্রেসক্লাব মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শম্ভুগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আমিনুল হক রোমান।
অনুষ্ঠানে প্রেসক্লাবের সহ-সভাপতি রাজিব কুমার সাহা, সহ-সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, কোষাধ্যক্ষ সোহানুর রহমান সুহান, সাংগঠনিক সম্পাদক মুরাদ হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক মিঠুন সরকার এবং সদস্য শাহ হুমায়ুন কবিরসহ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গও অনুষ্ঠানে অংশ নেন।
সংবর্ধনা অনুষ্ঠানের আগে প্রেসক্লাবের উদ্যোগে একটি বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় অতিথিরা পরিবেশ সংরক্ষণে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন।
প্রধান অতিথির বক্তব্যে সিটি করপোরেশনের প্রশাসক রুকনুজ্জামান সরকার রোকন বলেন, “ময়মনসিংহ সিটি করপোরেশনকে একটি আদর্শ নগর হিসেবে গড়ে তুলতে চাই। এ লক্ষ্য বাস্তবায়নে বর্জ্য ব্যবস্থাপনা, রাস্তাঘাট উন্নয়ন এবং সড়ক আলোকসজ্জা ব্যবস্থার আধুনিকায়নকে অগ্রাধিকার দেওয়া হবে। এসব উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে নগরবাসী, সাংবাদিক এবং সব শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা প্রয়োজন।”
অনুষ্ঠানের শেষে শম্ভুগঞ্জ প্রেসক্লাবের পক্ষ থেকে প্রশাসককে ফুলেল শুভেচ্ছা জানিয়ে তাঁর সফলতা কামনা করা হয়। বক্তারা সাংবাদিকতা, পরিবেশ সংরক্ষণ এবং নগর উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।