ইন্টারন্যাশনাল ডেস্ক: সৌদি আরবে মেয়াদোত্তীর্ণ ওয়ার্ক পারমিটধারী প্রবাসী কর্মীদের বৈধতা সংশোধনের জন্য দেওয়া বিশেষ সময়সীমা ২০২৬ সালের শেষ পর্যন্ত বাড়িয়েছে। দেশটির মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় এ সিদ্ধান্ত জানায়। মঙ্গলবার (৩০ জুন) সৌদি গ্যাজেটের প্রতিবেদনেও বিষয়টি উঠে এসেছে।নতুন সিদ্ধান্ত অনুযায়ী, যেসব প্রবাসী কর্মীর ওয়ার্ক পারমিটের মেয়াদ ১২ মাসের বেশি আগে শেষ হয়েছে, তাদের নিয়োগকর্তারা ২০২৬ সালের শেষ পর্যন্ত পারমিট নবায়ন বা বৈধতা সংশোধনের সুযোগ পাবেন।
এছাড়া, কোনো প্রতিষ্ঠানে যোগদানের ছয় মাসের মধ্যে যেসব কর্মীর ওয়ার্ক পারমিট ইস্যু করা হয়নি, তারাও এই বিশেষ সুবিধার আওতায় থাকবেন।
মন্ত্রণালয় জানিয়েছে, শ্রম আইন মেনে চলা নিশ্চিত করা, নিয়োগকর্তা ও কর্মীদের অধিকার সুরক্ষা এবং প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করার জন্য অতিরিক্ত সময় দেওয়ার লক্ষ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতোমধ্যে অনেক প্রতিষ্ঠান ও কর্মী তাদের অবস্থান নিয়মিত করতে ইতিবাচক সাড়া দেওয়ায় এই উদ্যোগ আরও সম্প্রসারণ করা হয়েছে।
নিয়োগকর্তাদের নির্ধারিত সময়সীমার আগেই ওয়ার্ক পারমিট নবায়ন বা নতুন করে ইস্যু করার আহ্বান জানিয়েছে মন্ত্রণালয়। নির্ধারিত সময়ের মধ্যে কর্মীদের বৈধতা সংশোধন না করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করা হয়েছে।
এদিকে, কয়েক দিন আগে মন্ত্রণালয়ের কিওয়া প্ল্যাটফর্ম ঘোষণা দিয়েছিল, যেসব কর্মীর ওয়ার্ক পারমিট তিন মাসের বেশি সময় ধরে মেয়াদোত্তীর্ণ রয়েছে, তাদের নাম ১ জুলাই থেকে স্বয়ংক্রিয়ভাবে নিয়োগকর্তার রেকর্ড থেকে অপসারণ করা শুরু হবে।
কিওয়া আরও জানিয়েছে, কোনো কর্মীর নাম রেকর্ড থেকে অপসারণ করা হলেও বৈধ ওয়ার্ক পারমিট ছাড়া তাকে নিয়োগ দেওয়ার সময়ে সৃষ্ট সব আর্থিক দায় নিয়োগকর্তাকেই বহন করতে হবে। তাই আইনি জটিলতা ও আর্থিক জরিমানা এড়াতে দ্রুত বকেয়া ফি পরিশোধ, ওয়ার্ক পারমিট নবায়ন অথবা প্রয়োজনে কর্মীর সেবা স্থানান্তরের প্রক্রিয়া সম্পন্ন করার পরামর্শ দেওয়া হয়েছে।
রিপোর্টার্স২৪/এম এইচ