| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঠাকুরগাঁওয়ে পুকুরে ডুবে বৃদ্ধা ও শিশুর মৃত্যু

reporter
  • আপডেট টাইম: Jul ০২, ২০২৬ ইং | ২১:৪৯:৫৯:অপরাহ্ন  |  ২৭০৩ বার পঠিত
ঠাকুরগাঁওয়ে পুকুরে ডুবে বৃদ্ধা ও শিশুর মৃত্যু

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও সদর ও হরিপুর উপজেলায় পৃথক স্থানে পুকুরের পানিতে ডুবে এক বৃদ্ধা ও এক প্রতিবন্ধী শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরে এই দুর্ঘটনা দুটি ঘটে। নিহত ব্যক্তিরা হলেন— সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের হরিহরপুর (জলকাইপাড়া) গ্রামের খতেজা বেগম (৭০) এবং হরিপুর উপজেলার পশ্চিম আটঘোরিয়া গ্রামের হুমায়রা আক্তার জান্নাত (৫)। শিশু হুমায়রা বাক, শ্রবণ ও বুদ্ধি প্রতিবন্ধী ছিল।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, আজ দুপুর ১২টার দিকে খতেজা বেগম তাঁর ছোট ছেলে মো. নজরুলের বাড়ি থেকে বড় ছেলে মোখলেছুর রহমানের বাড়ির উদ্দেশ্যে একাই রওনা হন। দুই বাড়ির সীমানার মাঝে যাতায়াতের জন্য একটি বাঁশের সাঁকো রয়েছে, যা দিয়ে পরিবারের সদস্যসহ পাড়াপ্রতিবেশীরা চলাচল করেন। ওই সাঁকোটি পার হওয়ার সময় অসাবধানতাবশত তিনি পুকুরের পানিতে পড়ে ডুবে যান। এর কিছুক্ষণ পর সাঁকোর ওপাড়ে থাকা স্থানীয় এক চা-দোকানি তৌহিদুল পুকুরে একটি মরদেহ ভাসতে দেখে চিৎকার শুরু করেন। তাঁর চিৎকার শুনে নিহতের ছেলে মো. নজরুল ও হাসিবুল ইসলামসহ প্রতিবেশীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন এবং পুকুর থেকে খতেজা বেগমকে উদ্ধার করে ডাঙায় তুলে আনেন। তবে ততক্ষণে পানিতে ডুবে তাঁর মৃত্যু হয়।

এই ঘটনায় নিহতের ছোট ছেলে মো. নজরুল ঠাকুরগাঁও সদর থানায় একটি অপমৃত্যুর সংবাদ প্রদান করে লিখিত আবেদন করেছেন। আবেদনে তিনি উল্লেখ করেন, বার্ধক্যের কারণে অসাবধানতাবশত পানিতে পড়ে এই মৃত্যুর ঘটনা ঘটেছে। এ নিয়ে পরিবার ও স্বজনদের কোনো অভিযোগ বা সন্দেহ নেই। ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান আলী বলেন, এ সংক্রান্ত একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে। বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

অন্যদিকে, জেলার হরিপুর উপজেলার পশ্চিম আটঘোরিয়া গ্রামে পুকুরের পানিতে ডুবে পাঁচ বছরের শিশু হুমায়রা আক্তার জান্নাতের মৃত্যু হয়েছে। সে ওই গ্রামের মো. জাহিরুল ইসলামের মেয়ে।

পারিবারিক সূত্রে জানা গেছে, আজ দুপুর পৌনে একটার দিকে শিশু হুমায়রা তার মায়ের কাছ থেকে ভাজা কাঁঠালের বিচি খেতে খেতে বাড়ির বাইরে যায়। এরপর দুপুর একটার দিকে তাকে আর দেখতে না পেয়ে মা মমতা পারভীন আশপাশের বাড়িতে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে দুপুর ১টা ২০ মিনিটের দিকে বাড়ির উঠানের উত্তর পাশের পুকুরে হুমায়রাকে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে তিনি চিৎকার দেন। পরে তার দাদা মো. তাইজুল হক পুকুরে নেমে নাতনিকে উদ্ধার করে ওপরে নিয়ে আসেন। খবর পেয়ে স্থানীয় পল্লী চিকিৎসক মো. আবদুস সামাদ এসে প্রাথমিক পর্যবেক্ষণ শেষে শিশুটিকে মৃত ঘোষণা করেন।

এই ঘটনায় শিশুর দাদা মো. তাইজুল হক বাদী হয়ে হরিপুর থানায় একটি অপমৃত্যুর সংবাদ প্রদান করে লিখিত আবেদন করেছেন। নাতনির মৃত্যুর বিষয়ে পরিবার ও স্বজনদের কোনো সন্দেহ বা অভিযোগ নেই বলে থানায় জানানো হয়েছে। হরিপুর থানার পুলিশ জানায়, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে এবং বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪