বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর বাউফলে খরিপ-২ মৌসুমের কৃষি প্রণোদনা ও পুনর্বাসন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। এ কর্মসূচির আওতায় উপজেলার প্রায় ৬ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে উন্নত জাতের ধানবীজ, সার, সবজির বীজ এবং ফলদ ও বনজ গাছের চারা বিতরণ করা হবে।
বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পটুয়াখালী-২ আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সালেহ আহমেদ।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, "কৃষিই আমাদের অর্থনীতির মেরুদণ্ড। কৃষক বাঁচলে দেশ বাঁচবে। কোনো কৃষক যেন বীজ ও সারের অভাবে চাষাবাদ থেকে ছিটকে না পড়েন, সে লক্ষ্যেই সরকার প্রতিবছর কৃষি প্রণোদনা কর্মসূচি বাস্তবায়ন করছে।"
তিনি বলেন, "আমরা সবাই গর্ব করে বলি আমরা কৃষকের সন্তান, কিন্তু কৃষকের দুরবস্থা এখনো দূর হয়নি। আধুনিক কৃষি ব্যবস্থা গড়ে তোলা, উৎপাদন ব্যয় কমানো এবং কৃষিপণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করা এখন সময়ের দাবি। এজন্য কৃষিখাতের সব ধরনের সিন্ডিকেট ভেঙে দেওয়া হবে।"
উপজেলা কৃষি কর্মকর্তা মো. মিলন জানান, ২০২৫-২৬ অর্থবছরের খরিপ-২ মৌসুমে উপজেলার মোট ৫ হাজার ৮৫৫ জন কৃষক এ প্রণোদনার আওতায় আসবেন। এর মধ্যে ৪ হাজার কৃষকের প্রত্যেককে ৫ কেজি উফশী আমন ধানের বীজ, ১০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি সার দেওয়া হবে।
এছাড়া ১ হাজার ৫০৫ জন কৃষকের মধ্যে লেবুসহ বিভিন্ন ফলদ ও বনজ গাছের চারা বিতরণ করা হবে। অন্যদিকে ৩৫০ জন কৃষককে হাইব্রিড মরিচের বীজ ও প্রয়োজনীয় কৃষি উপকরণ দেওয়া হচ্ছে।
কৃষি কর্মকর্তা আরও জানান, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকদের পুনর্বাসন এবং খাদ্য উৎপাদন বৃদ্ধি করাই এ কর্মসূচির মূল উদ্দেশ্য।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম, উপ-সহকারী কৃষি কর্মকর্তা রেদোয়ান তালুকদার জুনিয়র, কৃষি কর্মকর্তা মো. ফোরকান, উপজেলা জামায়াতের আমির মাওলানা রফিকুল ইসলাম, শিবিরের সাবেক কেন্দ্রীয় দাওয়াহ সম্পাদক অ্যাডভোকেট মুজাহিদুল ইসলামসহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং বিপুল সংখ্যক কৃষক।
রিপোর্টার্স২৪/ধ্রুব