বাউফল প্রতিনিধি: এইচএসসি পরীক্ষার্থীদের সহায়তায় ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে মানবিক সংগঠন স্প্রেইড হিউম্যানিটি। পরীক্ষার্থীদের সুবিধার্থে বাউফল উপজেলার দুটি পরীক্ষা কেন্দ্রে হেল্প ডেস্ক স্থাপন করে সংগঠনটি। সেখানে পরীক্ষার্থীদের জন্য বিনামূল্যে পানি, চকলেট এবং জরুরি প্রয়োজনে কলমের ব্যবস্থা রাখা হয়।
বুধবার (২ জুলাই) সকাল থেকে বাউফল সরকারি কলেজ কেন্দ্র এবং কালাইয়া ইদ্রিস মোল্লা ডিগ্রি কলেজ কেন্দ্রের প্রবেশপথে এ কার্যক্রম পরিচালিত হয়। পরীক্ষা কেন্দ্রে প্রবেশের আগে অনেক পরীক্ষার্থী ও তাদের অভিভাবক হেল্প ডেস্ক থেকে প্রয়োজনীয় সহায়তা গ্রহণ করেন।
কার্যক্রমে নেতৃত্ব দেন স্প্রেইড হিউম্যানিটির প্রতিষ্ঠাতা ও সভাপতি মো. রুহুল আমিন এবং সাধারণ সম্পাদক রায়হান হোসেন। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সংগঠনের দপ্তর সম্পাদক সাইমন গাজী ও কার্যনির্বাহী সদস্য মেহেদী হাসান।
এছাড়া কলেজ শাখার সাধারণ সম্পাদক সাইমুন ইসলাম সাগর, সহ-সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সাবরিনা আক্তার, সহ-সাংগঠনিক সম্পাদক সামিয়া আক্তার, সহ-অর্থ সম্পাদক সিয়াম, সাবিহা সরদার নিথী, প্রচার সম্পাদক অন্তর চন্দ্র শীল, ছাত্র-ছাত্রী কল্যাণ সম্পাদক শরিফুল ইসলাম শরিফ এবং সদস্য আল দিহাদ ও নাইম হোসেনসহ সংগঠনের স্বেচ্ছাসেবীরা সক্রিয়ভাবে দায়িত্ব পালন করেন।
সংগঠনের সভাপতি মো. রুহুল আমিন বলেন, "পরীক্ষার সময় অনেক শিক্ষার্থী তাড়াহুড়োয় কলম আনতে ভুলে যায় কিংবা মানসিক চাপে পানির প্রয়োজন হয়। তাদের পাশে দাঁড়াতেই আমাদের এই ক্ষুদ্র উদ্যোগ। আমরা চাই, কোনো পরীক্ষার্থী যেন সামান্য কারণে বিড়ম্বনায় না পড়ে।"
এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন অভিভাবক ও পরীক্ষার্থীরা। কালাইয়া কেন্দ্রের এক পরীক্ষার্থী জানান, পরীক্ষার আগে তার কলমে কালি শেষ হয়ে গেলে হেল্প ডেস্ক থেকে তাৎক্ষণিকভাবে নতুন কলম পেয়ে তিনি উপকৃত হয়েছেন।
রিপোর্টার্স২৪/ধ্রুব