| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

অভিযোগের পর সরানো হচ্ছে নিম্নমানের ইটের খোয়া

reporter
  • আপডেট টাইম: Jul ০২, ২০২৬ ইং | ২৩:৪৮:০৫:অপরাহ্ন  |  ৩৮১৪ বার পঠিত
অভিযোগের পর সরানো হচ্ছে নিম্নমানের ইটের খোয়া

চাঁদপুর প্রতিনিধি: চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর-এখলাসপুর সড়ক নির্মাণ প্রকল্পে নিম্নমানের ইটের খোয়া ব্যবহারের অভিযোগ ওঠার পর সেগুলো সরিয়ে নিতে শুরু করেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। প্রায় ১৯ কোটি ৭৭ লাখ টাকা ব্যয়ে বাস্তবায়নাধীন এ প্রকল্পে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগ সামনে আসায় নির্মাণমান, সরকারি তদারকি এবং জনসাধারণের অর্থের যথাযথ ব্যবহারের বিষয়টি নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সূত্রে জানা গেছে, চট্টগ্রাম বিভাগ উপজেলা ও ইউনিয়ন সড়ক প্রশস্তকরণ ও শক্তিশালীকরণ প্রকল্পের আওতায় মতলব উত্তর উপজেলার ছেংগারচর-এখলাসপুর সড়কটি নির্মাণ করা হচ্ছে। ৯ কিলোমিটার ৩০০ মিটার দীর্ঘ সড়কটির প্রস্থ ১০ ফুট থেকে ১৮ ফুটে উন্নীত করা হচ্ছে। কাজটি বাস্তবায়ন করছে মেসার্স নুনা ট্রেডার্স।

স্থানীয়দের অভিযোগ, প্রকল্পের শুরু থেকেই নির্মাণকাজে নিম্নমানের ইটের খোয়া ব্যবহার করা হয়েছে। অভিযোগ প্রকাশ্যে আসার পরপরই সেসব উপকরণ সরিয়ে নেওয়া শুরু হওয়ায় স্থানীয়দের সন্দেহ আরও জোরালো হয়েছে।

স্থানীয় বাসিন্দা লিয়াকত হোসেন বলেন, ব্যবহৃত ইটের মান ঠিক থাকলে অভিযোগ ওঠার পর তা দ্রুত সরিয়ে নেওয়ার প্রয়োজন হতো না। এতে বিষয়টি নিয়ে মানুষের সন্দেহ আরও বেড়েছে।

আরেক বাসিন্দা আল-আমিন বলেন, জনগণের অর্থে নির্মিত একটি গুরুত্বপূর্ণ সড়কে নিম্নমানের উপকরণ ব্যবহার কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। অনিয়মের সুষ্ঠু তদন্ত হওয়া প্রয়োজন।

স্থানীয় বাসিন্দা আনোয়ার হোসেন জানান, দীর্ঘদিন ধরে সড়ক খোঁড়াখুঁড়ির কারণে সাধারণ মানুষের দুর্ভোগ বেড়েছে। বিশেষ করে অসুস্থ রোগীদের হাসপাতালে নিতে ভোগান্তির শিকার হতে হচ্ছে। বর্ষাকালে পরিস্থিতি আরও খারাপ হয়ে পড়ে।

জামাল আহম্মেদ নামে আরেক বাসিন্দা বলেন, নির্ধারিত সময়ে কাজ শেষ হয়নি। এখন আবার নিম্নমানের উপকরণ সরিয়ে নতুন করে কাজ করতে হওয়ায় সময় ও ভোগান্তি দুটোই বাড়ছে।

অভিযোগের বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধি শরিফুল ইসলাম বলেন, নিম্নমানের ইটের খোয়া সরিয়ে নেওয়া হয়েছে এবং বর্তমানে প্রকল্পের নির্ধারিত মান অনুযায়ী কাজ চলছে। তবে কীভাবে এসব উপকরণ নির্মাণস্থলে এলো বা কেন ব্যবহার করা হয়েছিল, সে বিষয়ে তিনি কোনো ব্যাখ্যা দেননি।

মতলব উত্তর উপজেলা প্রকৌশলী সোহেল আনোয়ার বলেন, নির্মাণকাজে ত্রুটি ছিল। বিষয়টি শনাক্ত হওয়ার পর নিম্নমানের ইট সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এবং এখন কাজের মান নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এলজিইডি সূত্র জানায়, ২০২৪ সালের জুনে প্রকল্পটির কাজ শুরু হয় এবং চলতি বছরের জুনে তা শেষ হওয়ার কথা ছিল। তবে নির্ধারিত সময় পেরিয়ে গেলেও কাজ শেষ না হওয়ায় প্রকল্প বাস্তবায়নের ধীরগতি নিয়েও প্রশ্ন উঠেছে।

এলাকাবাসীর দাবি, শুধু নিম্নমানের ইট সরিয়ে ফেললেই দায়িত্ব শেষ হয় না। পুরো সড়কের নির্মাণমান স্বাধীন বিশেষজ্ঞ প্রতিষ্ঠান দিয়ে পরীক্ষা করার পাশাপাশি দায়ীদের চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে সরকারি প্রকল্পে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪