| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

৩২ বছরের অপেক্ষার অবসান, নিজস্ব ভবনে হালুয়াঘাট প্রেসক্লাব

reporter
  • আপডেট টাইম: Jul ০৪, ২০২৬ ইং | ০৩:৩৫:২০:পূর্বাহ্ন  |  ২৫৩৮ বার পঠিত
৩২ বছরের অপেক্ষার অবসান, নিজস্ব ভবনে হালুয়াঘাট প্রেসক্লাব

হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি: দীর্ঘ ৩২ বছরের প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে নিজস্ব ভবনে কার্যক্রম শুরু করেছে হালুয়াঘাট প্রেসক্লাব। ১৯৯২ সালে প্রতিষ্ঠার পর থেকে স্থায়ী কার্যালয়ের অভাবে ভাড়া ভবনে কার্যক্রম পরিচালনা করা স্থানীয় সাংবাদিকদের সংগঠনটি এবার পেল নিজস্ব ঠিকানা।

শুক্রবার (৩ জুলাই) বিকেলে হালুয়াঘাট-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন এলাকায় নবনির্মিত প্রেসক্লাব ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হওয়ায় স্থানীয় সাংবাদিক ও সুধীজনের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হালুয়াঘাট প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক দিনকালের উপজেলা প্রতিনিধি জুলফিকার আলী জুলমত, সাধারণ সম্পাদক ও দৈনিক সমকাল এবং এনটিভির প্রতিনিধি রফিকুল্লাহ চৌধুরী মানিক, প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা আহ্বায়ক বাবুল হোসেন এবং যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক কালের কণ্ঠের আঞ্চলিক প্রতিনিধি মাজহারুল ইসলাম মিশু।

এছাড়া প্রেসক্লাবের সদস্যবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠানে অংশ নেন। উদ্বোধন শেষে নতুন ভবনে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় প্রেসক্লাবের উত্তরোত্তর উন্নতি, সাংবাদিকদের পেশাগত সমৃদ্ধি এবং জনস্বার্থে সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের জন্য দোয়া করা হয়।

প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল্লাহ চৌধুরী মানিক বলেন, সংবাদকর্মীদের দীর্ঘদিনের দাবি ছিল একটি নিজস্ব ভবন। অবশেষে সেই স্বপ্ন বাস্তবে রূপ নিয়েছে। এই ভবন প্রেসক্লাবের কার্যক্রমকে আরও গতিশীল করবে এবং স্থানীয় সমস্যা, সম্ভাবনা ও উন্নয়নের সংবাদ জনগণের কাছে আরও কার্যকরভাবে পৌঁছে দিতে সহায়তা করবে।

প্রেসক্লাবের সভাপতি জুলফিকার আলী জুলমত বলেন, আমরা সবসময় বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতায় প্রতিশ্রুতিবদ্ধ। প্রেসক্লাবের নিজস্ব ভবন পাওয়া আমাদের জন্য গর্ব ও আনন্দের বিষয়। হালুয়াঘাট প্রেসক্লাবের অগ্রযাত্রাকে আরও সমৃদ্ধ করতে আমরা সকলের সহযোগিতা কামনা করছি।

স্থানীয় সাংবাদিকরা মনে করছেন, নিজস্ব ভবনে কার্যক্রম শুরু হওয়ার ফলে হালুয়াঘাট প্রেসক্লাবের সাংগঠনিক কার্যক্রম আরও সুসংগঠিত হবে এবং পেশাদার সাংবাদিকতা চর্চার জন্য একটি স্থায়ী ও কার্যকর প্ল্যাটফর্ম তৈরি হবে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪