| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নেত্রকোণায় স্থলবন্দর না থাকলেও ‘ভারতীয় মিনি ট্রাক’ আটকের দাবি বিজিবির

reporter
  • আপডেট টাইম: Jul ০৪, ২০২৬ ইং | ১৪:২৯:৩১:অপরাহ্ন  |  ৪০৫২ বার পঠিত
নেত্রকোণায় স্থলবন্দর না থাকলেও ‘ভারতীয় মিনি ট্রাক’ আটকের দাবি বিজিবির

আনিসুর রহমান: নেত্রকোণা জেলায় কোনো স্থলবন্দর বা বৈধ স্থলপথে পণ্যবাহী যানবাহন প্রবেশের ব্যবস্থা না থাকলেও ভারত থেকে একটি মিনি ট্রাক প্রবেশ করে তা আটকের তথ্য প্রকাশ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিষয়টি নিশ্চিত করেন নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) পিএসসি পরিচালক অধিনায়ক লেঃ কর্নেল তৌহিদুল বারী। এই বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে।

শনিবার (৪ জুলাই) নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ৩ জুলাই রাত আনুমানিক ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কলমাকান্দা উপজেলার খারনৈ ইউনিয়নের সরুজের মোড় এলাকায় চোরাচালান বিরোধী অভিযান চালায় বিজিবির একটি বিশেষ টহল দল।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সীমান্তের মেইন পিলার ১১৭৬/৫-এস থেকে প্রায় ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অভিযান চলাকালে ভারত থেকে আসা একটি মিনি ট্রাক দেখতে পেয়ে বিজিবি সদস্যরা সেটিকে চ্যালেঞ্জ করলে চোরাকারবারীরা ট্রাকটি ফেলে পালিয়ে যায়।

পরে ট্রাকটি তল্লাশি করে ১৮ ড্রাম ভারতীয় হাইড্রোজিন হাইড্রোক্লোরাইড ইউএসপি কেমিক্যাল জব্দ করা হয়। জব্দকৃত কেমিক্যালের আনুমানিক মূল্য ৩২ লাখ টাকা এবং মিনি ট্রাকটির মূল্য ১৮ লাখ টাকা। সব মিলিয়ে জব্দকৃত মালামালের মূল্য প্রায় ৫০ লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি।

বিজিবি আরও জানায়, উদ্ধার হওয়া কেমিক্যাল ও মিনি ট্রাক নেত্রকোণা কাস্টমস অফিসে জমা দেওয়া হবে এবং সীমান্তে চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

তবে নেত্রকোণা কোনো স্থলবন্দর না থাকা সত্ত্বেও কীভাবে একটি মিনি ট্রাক ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করল-এমন প্রশ্ন উঠেছে স্থানীয়দের মধ্যে। এ বিষয়ে বিজিবির প্রেস বিজ্ঞপ্তিতে অতিরিক্ত কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪