মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরে আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা ইউনিট (ডাম্পিং স্টেশন) নির্মাণের জন্য স্থান চূড়ান্ত করা হয়েছে। শনিবার (৪ জুলাই) দুপুরে সদর উপজেলার চর ব্রাহ্মমদী মৌজায় প্রায় তিন একর জমি পরিদর্শন ও নির্ধারণ করেন মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া। এ সময় সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জানা গেছে, প্রায় দেড়শ বছরের পুরোনো মাদারীপুর পৌরসভার নিজস্ব কোনো ডাম্পিং স্টেশন ছিল না। ফলে দীর্ঘদিন ধরে শহরের বিভিন্ন সড়কের পাশে ও খোলা জায়গায় বর্জ্য ফেলা হতো। এতে দুর্গন্ধ, পরিবেশ দূষণ এবং জনস্বাস্থ্যের ঝুঁকি বৃদ্ধি পাচ্ছিল।
এই সমস্যার সমাধানে সরকারি খাসজমিতে আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা ইউনিট নির্মাণের উদ্যোগ নেয় পৌরসভা। জেলা প্রশাসন ইতোমধ্যে প্রায় সাড়ে পাঁচ একর জমি পৌরসভার অনুকূলে হস্তান্তর করেছে। এর মধ্যে তিন একর জমিতে নির্মিত হবে ডাম্পিং স্টেশন। প্রকল্পটির সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ৬২ কোটি টাকা।
শনিবার সংসদ সদস্যের উপস্থিতিতে সার্ভেয়াররা জমি পরিমাপ করেন এবং সীমানা চিহ্নিত করতে লাল নিশানা স্থাপন করা হয়। সংশ্লিষ্টদের আশা, প্রকল্পটি বাস্তবায়িত হলে আধুনিক বর্জ্য ব্যবস্থাপনার পাশাপাশি স্থানীয় মানুষের কর্মসংস্থানের সুযোগও সৃষ্টি হবে।
সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া বলেন, ডাম্পিং স্টেশন নির্মাণের পর চর ব্রাহ্মমদীর আড়িয়াল খাঁ নদীর তীরে একটি ইকোপার্ক গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। এতে সাধারণ মানুষের বিনোদনের সুযোগ সৃষ্টি হবে এবং এলাকায় নতুন কর্মসংস্থানের দ্বার উন্মোচিত হবে। দ্রুত প্রকল্প বাস্তবায়নে প্রয়োজনীয় কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে বলেও তিনি জানান।
এ সময় উপস্থিত ছিলেন মাদারীপুর পৌরসভার প্রশাসক জেসমিন আক্তার বানু, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াদিয়া শাবাব, পৌর নির্বাহী কর্মকর্তা খন্দকার আবু আহম্মদ ফিরোজ ইলিয়াস, সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।