টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলায় একটি বেসরকারি হাসপাতালে টনসিল অপারেশনের প্রস্তুতিকালে ইনজেকশন দেওয়ার পর চাদনী (৯) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় চিকিৎসায় অবহেলার অভিযোগ তুলেছেন তার স্বজনরা।
শুক্রবার (৩ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দক্ষিণ পাশে অবস্থিত আল মদিনা হাসপাতালে টনসিল অপারেশনের জন্য ভর্তি করা হয় চাদনীকে। সে উপজেলার মুশুদ্দী ইউনিয়নের সয়া গ্রামের মো. আপনের মেয়ে।
স্বজনদের অভিযোগ, অপারেশনের প্রস্তুতির অংশ হিসেবে শিশুটিকে একটি ইনজেকশন দেওয়ার পর সে অচেতন হয়ে পড়ে। পরে হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহে নেওয়া প্রয়োজন। রাত ৯টার দিকে তাকে ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের দাদি অভিযোগ করে বলেন, ১৩ হাজার টাকায় টনসিল অপারেশনের জন্য হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে চুক্তি হয়েছিল। অপারেশন থিয়েটারে নেওয়ার কিছুক্ষণ পর হাসপাতাল থেকে জানানো হয়, শিশুটিকে ময়মনসিংহে স্থানান্তর করতে হবে। পরে তারা জানতে পারেন, চাদনী মারা গেছে। চিকিৎসকদের অবহেলার কারণেই তার নাতনির মৃত্যু হয়েছে বলে তিনি দাবি করেন।
তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
ঘটনার খবর ছড়িয়ে পড়লে হাসপাতাল প্রাঙ্গণে নিহতের স্বজন ও স্থানীয়দের ভিড় জমে। এতে এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।
তবে এ বিষয়ে তাৎক্ষণিকভাবে আল মদিনা হাসপাতাল কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
ধনবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুস সালাম সিদ্দিক বলেন, মরদেহটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে এবং সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হচ্ছে। এ ঘটনায় অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
রিপোর্টার্স২৪/বাবি