ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহ নগরীর একটি ভাড়া বাসা থেকে রাজিব আহমেদ ওরফে রুবেল (৪০) নামের এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৫ জুলাই) দুপুর ২টার দিকে নগরীর ৩৬ বাড়ি কলোনী এলাকা থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে হেফাজতে নিয়েছে পুলিশ।
নিহত রাজিব আহমেদ রুবেল নগরীর আর কে মিশন রোড এলাকার মৃত আব্দুল হামিদের ছেলে। ৩৬ বাড়ি কলোনী এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন তিনি।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নিহত রাজিব আহমেদ রুবেল আকুয়া ৩৬ বাড়ি কলোনির বাসিন্দা ইসমাইল হোসেনের স্ত্রী পারুল আক্তারের বাসায় প্রায় একমাস আগে নতুন ভাড়াটিয়া হিসেবে উঠেছিলেন। এখানে নিজের বন্ধুদের নিয়ে থাকতেন। রোববার সকালে সাড়ে ১০ টার দিকে রুবেলকে নিজ ঘরে গলাকেটে হত্যা করা হয়। তার বিরুদ্ধে মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। এর আগে বাসার সামনের সড়কে থাকা রুবেলের চাচাতো ভাই মো. শুভর একটি মোটরসাইকেল আগুনে পুড়িয়ে দেয় হামলাকারীরা।
বিষয়টি স্থানীয়রা টের পেয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ কল দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘরের ভেতরে বিছানায় রুবেলকে গলাকাটা অবস্থায় দেখতে পায়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
ময়মনসিংহ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামাম শাকিল বলেন, গতকাল শনিবার এক নারী ধর্ষণের অভিযোগ এনে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়। পওে রোববার রাজিব আহমেদ ওরফে রুবেল হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। যতদূর জানতে পারছি, ধর্ষণের শিকার ওই নারীর চার ছেলে তাকে গলাকেটে হত্যা করেছে। ময়মনসিংহ পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশন (পিবিআই) এসআই নজরুল ইসলাম ওই নারী ও তার দুই ছেলেকে হাসপাতাল থেকে নিয়ে গেছে।
ময়মনসিংহ পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশন (পিবিআই) পুলিশ সুপার মো. মিজানুর রহমান বলেন, আমরা বিষয়টি নিয়ে তদন্ত করছি। তদন্তের পর বিস্তারিত বলা যাবে।
ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান বলেন, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি, এক যুবকের একটি গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। আমরা কিছু তথ্য পেয়েছি, সে অনুযায়ী আমরা হত্যাকান্ডের রহস্য উন্মোচনে কাজ শুরু করেছি। ইতিমধ্যে মো. রনি মিয়াকে (২৭) ও স্বজল (৩৫) নামে দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে। এ বিষয়ে বিস্তারিত পরবর্তীতে জানানো হবে।
রিপোর্টার্স২৪/ধ্রুব