| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কালিহাতীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস- ২০২৬ উদযাপন

reporter
  • আপডেট টাইম: Jul ০৬, ২০২৬ ইং | ১৮:৩২:৩৫:অপরাহ্ন  |  ৬৭৪৮৫ বার পঠিত
কালিহাতীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস- ২০২৬ উদযাপন

টাঙ্গাইল প্রতিনিধি: “উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ”  এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের কালিহাতীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা, ভিডিও চিত্র প্রদর্শনী ও ঋণ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৬ জুলাই) কালিহাতী উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও পল্লী উন্নয়ন বোর্ডের যৌথ আয়োজনে দিনব্যাপী এ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালিহাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার।

অনুষ্ঠানের শুরুতে একটি বর্ণাঢ্য র‍্যালি উপজেলা চত্বর প্রদক্ষিণ করে। পরে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সায়েদা খানম লিজা, কালিহাতী থানার অফিসার ইনচার্জ কাইয়ুম খান সিদ্দিকী এবং উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আবু সাইদ আল সালাউদ্দিন। স্বাগত বক্তব্য দেন কালিহাতী পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. নাছির উদ্দিন।

অনুষ্ঠানে ভিডিও চিত্রের মাধ্যমে সরকারের বিভিন্ন পল্লী উন্নয়নমূলক কর্মসূচি, গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, নারীর ক্ষমতায়ন, যুব উদ্যোক্তা সৃষ্টি এবং কৃষিভিত্তিক অর্থনৈতিক উন্নয়নের নানা দিক তুলে ধরা হয়। পল্লী উন্নয়ন বোর্ডের সফল কার্যক্রম ও সুবিধাভোগীদের অভিজ্ঞতা নিয়ে নির্মিত ভিডিও প্রদর্শনী উপস্থিত অতিথিদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করে।

এসময় অগ্রদান শস্য উৎপাদন কর্মসূচির আওতায় রাজবাড়ী অগ্রদান শস্য দলের ২১ জন সদস্যের মাঝে ৭ লাখ ৯০ হাজার টাকার ঋণ সহায়তা প্রদান করা হয়। দলের সভানেত্রী মোছা. ফরিদা বেগম ও ম্যানেজার মোছা. শাহুনাহার বেগম ঋণের চেক গ্রহণ করেন।

এছাড়া উদ্যোক্তা ঋণ কর্মসূচির আওতায় বিভিন্ন ট্রেডে ২৯ জন সদস্যকে এক লাখ টাকা করে মোট ২৯ লাখ টাকার ঋণ সহায়তা প্রদান করা হয়। মনোহারী ব্যবসা খাতে ঋণের চেক গ্রহণ করেন উদ্যোক্তা মো. ইউসুফ আলী।

আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে পল্লী অঞ্চলের উন্নয়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনৈতিক অগ্রগতিতে পল্লী উন্নয়ন বোর্ড গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে।

অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন অফিস সহকারী সুমাইয়া খান সুমি। উল্লেখ্য, জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উপলক্ষে দেশব্যাপী বিভিন্ন কর্মসূচি পালিত হচ্ছে।


রিপোর্টার্স২৪/নাঈম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪