ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহের ধোবাউড়ায় টিকটকে মদের বোতল প্রদর্শন করে ভিডিও তৈরি এবং মদ বিক্রিতে প্ররোচনা দেওয়ার অভিযোগে নার্গিস আক্তার (২৫) নামে এক তরুণীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় মামলা দায়েরের পর মঙ্গলবার (৭ জুলাই) তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার নার্গিস আক্তার উপজেলার ঘোষগাঁও ইউনিয়নের উত্তর চন্দ্রঘোনা গ্রামের মো. শাহজাহানের মেয়ে।
পুলিশ জানায়, নার্গিস নিয়মিত সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকে মদের বোতল হাতে ভিডিও প্রকাশ করতেন। ভিডিওগুলোতে মদ পানে আগ্রহীদের তার সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানানো হতো। বিষয়টি পুলিশের নজরে এলে তদন্ত শুরু হয়। পরে তার অবস্থান শনাক্ত করে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
ধোবাউড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, মদের বোতল নিয়ে টিকটক ভিডিও তৈরি করে তিনি মানুষকে মদ কেনা ও সেবনে উৎসাহিত করছিলেন। দীর্ঘদিন ধরে এমন কার্যক্রম চালিয়ে আসছিলেন। ভিডিওগুলো যাচাই-বাছাইয়ের পর তার অবস্থান নিশ্চিত করে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি আরও বলেন, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পরে আদালতের মাধ্যমে নার্গিসকে কারাগারে পাঠানো হয়েছে।
রিপোর্টার্স২৪/ধ্রুব