| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঠাকুরগাঁওয়ের তিন উপজেলায় পৃথক ঘটনায় তিন নারীর অপমৃত্যু

reporter
  • আপডেট টাইম: Jul ০৮, ২০২৬ ইং | ১৮:৫৩:০৭:অপরাহ্ন  |  ৭৪৯৮৪ বার পঠিত
ঠাকুরগাঁওয়ের তিন উপজেলায় পৃথক ঘটনায় তিন নারীর অপমৃত্যু

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের হরিপুর, পীরগঞ্জ ও রাণীশংকৈল উপজেলায় সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত পৃথক তিন ঘটনায় তিন নারীর মৃত্যু হয়েছে। এর মধ্যে দুজনকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় এবং একজন বিষপানে অসুস্থ হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনটি ঘটনায় সংশ্লিষ্ট থানায় অপমৃত্যুর মামলা (ইউডি) রেকর্ড করেছে পুলিশ।

হরিপুর উপজেলার গেদুড়া কিসমত (মারীধার) গ্রামে সোমবার রাতে নাজেরা আক্তার (২৩) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। তিনি ওই গ্রামের শাহাজাদ হোসেনের স্ত্রী।

পরিবারের সদস্যরা পুলিশকে জানিয়েছেন, প্রায় চার বছর আগে নাজেরা আক্তারের বিয়ে হয়। প্রথম সন্তান জন্মের কিছুদিন পর শিশুটি মারা যায়। এরপর থেকে তিনি মানসিক সমস্যায় ভুগছিলেন বলে পরিবারের দাবি। কয়েক দিন আগে তিনি দ্বিতীয় কন্যাসন্তানের জন্ম দেন। সোমবার বিকালে নবজাতককে টিকা দিতে পরিবারের সদস্যরা বাড়ির বাইরে গেলে তিনি ঘরে একা ছিলেন। পরে ফিরে এসে ঘরের দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পান। প্রতিবেশীদের উপস্থিতিতে দরজা ভেঙে ঘরে প্রবেশ করলে তাঁকে বাঁশের আড়ার সঙ্গে নাইলনের রশিতে ঝুলন্ত অবস্থায় দেখা যায়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। পরিবারের পক্ষ থেকে এ ঘটনায় কারও বিরুদ্ধে অভিযোগ নেই বলে জানানো হয়েছে।

অন্যদিকে পীরগঞ্জ উপজেলার চাপোড় গ্রামে মঙ্গলবার সকালে মেহেরুন নেছা (৬৩) নামে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। তিনি দীর্ঘদিন ধরে ক্যানসারে আক্রান্ত ছিলেন।

স্বজনরা পুলিশকে জানিয়েছেন, প্রায় ১০ বছর ধরে তিনি ক্যানসারের চিকিৎসা নিচ্ছিলেন। সোমবার রাতে স্বামী কর্মস্থলে যাওয়ার পর তিনি নিজ কক্ষে ছিলেন। মঙ্গলবার সকালে পরিবারের সদস্যরা ডাকাডাকি করে সাড়া না পেয়ে ঘরে গিয়ে তাঁকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় দেখতে পান। পরে পুলিশকে খবর দেওয়া হয়। পরিবারের দাবি, দীর্ঘদিনের অসুস্থতার কারণে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। এ ঘটনায়ও পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করা হয়নি।

এদিকে রাণীশংকৈল থানায় নিবন্ধিত অপমৃত্যুর ঘটনায় জানা গেছে, পীরগঞ্জ উপজেলার সিঙ্গারোল এলাকার মোনালিসা (১৮) পারিবারিক মনোমালিন্যের পর গত শুক্রবার বিষপান করেন। প্রথমে তাঁকে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাত ১১টা ৪০ মিনিটে তাঁর মৃত্যু হয়।

পুলিশকে দেওয়া পরিবারের বক্তব্য অনুযায়ী, বিষপানের কারণ হিসেবে তিনি ব্যক্তিগত অভিমানের কথা জানিয়েছিলেন। এ ঘটনায়ও স্বজনেরা কারও বিরুদ্ধে অভিযোগ করেননি।

সংশ্লিষ্ট তিন থানার পুলিশ জানিয়েছে, প্রতিটি ঘটনায় অপমৃত্যুর মামলা রেকর্ড করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪