বগুড়া প্রতিনিধি: ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ) বগুড়ার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে বগুড়া শহরের একটি রেস্টুরেন্টে আয়োজিত এ সভায় সংগঠনের নেতৃবৃন্দ ও চিকিৎসকরা অংশ নেন।
এনডিএফ বগুড়ার সভাপতি ডা. লিয়াকত আলীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন ন্যাশনাল ডক্টরস ফোরামের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল অধ্যাপক ডা. মাহমুদ হোসেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সহকারী সেক্রেটারি ও টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতাল বগুড়ার নাক, কান ও গলা বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মাহফুজুল হক মামুন।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনডিএফ জয়পুরহাট জেলা শাখার সভাপতি ডা. দেওয়ান আমিনুল ইসলাম এবং জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বগুড়া মহানগর আমীর অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল।
এ ছাড়া বক্তব্য রাখেন এনডিএফ বগুড়ার সাধারণ সম্পাদক ডা. মাহবুবুর রহমান, ডা. মুসা আল মনছুর, ডা. শহীদুল ইসলাম, ডা. রুশোয়েত আলভি, ডা. ইব্রাহিম হোসেনসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ডা. মাহমুদ হোসেন বলেন, “সারাদেশে অসহায় রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ প্রদান করা হচ্ছে। চিকিৎসা কার্যক্রম পরিচালনার মাধ্যমে সংগঠনটি অসহায় মানুষের পাশে ঐক্যবদ্ধভাবে দাঁড়িয়েছে।”
তিনি আরও বলেন, “প্রতি শুক্রবার সারাদেশে মেডিকেল ক্যাম্প পরিচালনা করা হচ্ছে। কোনো মানুষ যেন বিনা চিকিৎসায় কষ্ট পেয়ে আল্লাহর কাছে আমাদের বিষয়ে অভিযোগ না করে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।”
মানবতার কল্যাণে জনগণের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দেওয়ার কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
রিপোর্টার্স২৪/ধ্রুব