নারায়ণগঞ্জ প্রতিনিধি: ফতুল্লায় সিজান হত্যা মামলায় স্থানীয় ইমাম ও আলেমদের আসামি করার প্রতিবাদ এবং তাঁদের নাম প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে উলামা পরিষদ নারায়ণগঞ্জ মহানগর শাখা।
মঙ্গলবার (৭ জুলাই) বিকেলে নারায়ণগঞ্জ নগরীর ডিআইটি রেল কলোনী মসজিদের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উলামা পরিষদ নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মুফতী মামুন ফেরদাউস।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, উলামা পরিষদের অর্থ সম্পাদক মুফতী আব্দুল গনী, সহসাধারণ সম্পাদক ও মাসদাইর আল-ফালাহ মসজিদের ইমাম মুফতী কাউসার আহমদ কাসেমীসহ আলেম ও সমাজকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মামলা মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত।
তারা বলেন, মাসদাইর এলাকায় কিশোর গ্যাং, ছিনতাই ও মাদকের বিরুদ্ধে আল-ফালাহ সমাজ কল্যাণ সংগঠন দীর্ঘদিন ধরে কাজ করছে। সিজান হত্যার ঘটনায় স্থানীয় ইমাম বা আলেমদের কোনো সম্পৃক্ততা নেই দাবি করে বক্তারা নিরপেক্ষ তদন্তের আহ্বান জানান।
বক্তারা আরও বলেন, তদন্ত ছাড়া নিরীহ আলেম, ইমাম ও সমাজকর্মীদের হয়রানি করা হলে কঠোর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে। একই সঙ্গে দ্রুত মামলা থেকে নির্দোষ ব্যক্তিদের নাম প্রত্যাহারের দাবি জানান তারা।
উল্লেখ্য, গত ৪ জুলাই রাতে ফতুল্লার পশ্চিম মাসদাইর এলাকায় মোবাইল ফোন ছিনতাইয়ের অভিযোগে সিজান ও অনিক নামে দুই যুবককে খুঁটির সঙ্গে বেঁধে মারধর করা হয়। পরে গুরুতর আহত সিজানকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ফতুল্লা মডেল থানায় দায়ের করা হত্যা মামলায় স্থানীয় ইমাম, ওলামা দলের নেতা ও খেলাফত মজলিসের নেতাসহ ২১ জনকে আসামি করা হয়েছে।
রিপোর্টার্স২৪/বাবি