| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ব্যাংকে সাংবাদিক অবরুদ্ধের অভিযোগ, তদন্তের আশ্বাস

reporter
  • আপডেট টাইম: Jul ০৮, ২০২৬ ইং | ২৩:৩৬:৫৪:অপরাহ্ন  |  ১৮৫ বার পঠিত
ব্যাংকে সাংবাদিক অবরুদ্ধের অভিযোগ, তদন্তের আশ্বাস

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে কিডনি রোগীর অনুদানের চেকের অর্থ ছাড়ে বিলম্বের কারণ জানতে গিয়ে এক জ্যেষ্ঠ সাংবাদিককে ব্যাংকের ভেতরে অবরুদ্ধ ও লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জেলার সাংবাদিকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের (রাকাব) হাড়িভাষা ইউনিয়ন শাখায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী সাংবাদিক সাজ্জাদুর রহমান সাজ্জাদ পঞ্চগড় প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও এনটিভির স্টাফ রিপোর্টার।

সাজ্জাদুর রহমান জানান, কিডনি রোগী হাজেরা খাতুনের অনুদানের চেক জমা দেওয়ার ১০ দিন পরও অর্থ ছাড় না হওয়ায় তিনি ব্যাংকে তথ্য সংগ্রহে যান। শাখা ব্যবস্থাপকের বক্তব্য ভিডিও ধারণের সময় ব্যাংকের সেকেন্ড অফিসার ফরিদুল ইসলাম ভিডিও বন্ধ করতে বলেন। এতে সাড়া না দিলে তিনি গালিগালাজ করেন এবং ব্যাংকের মূল দরজা বন্ধ করে তাকে প্রায় এক ঘণ্টা ভেতরে আটকে রাখা হয় বলে অভিযোগ করেন তিনি।

খবর পেয়ে হাড়িভাষা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইয়েদ নূর-ই-আলম ইউপি সদস্য ও গ্রাম পুলিশকে ঘটনাস্থলে পাঠান। তাদের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয় এবং সাংবাদিক বেরিয়ে আসেন।

চেয়ারম্যান সাইয়েদ নূর-ই-আলম বলেন, একজন সাংবাদিককে ব্যাংকের ভেতরে আটকে রাখার বিষয়টি তিনি জেনেছেন।

এ বিষয়ে বক্তব্য জানতে ব্যাংকটির শাখা ব্যবস্থাপক জ্যোতির্ময় রায়ের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের পঞ্চগড় অঞ্চলের ডেপুটি জেনারেল ম্যানেজার শেখ মুক্তারুজ্জামান বলেন, ঘটনার তদন্ত করা হবে। অভিযোগের সত্যতা মিললে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে, স্থানীয় সাংবাদিকরা ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং অভিযুক্ত কর্মকর্তার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪