চাঁদপুর প্রতিনিধি: চাঁদপুরের তিন নদীর মোহনায় মেঘনার প্রবল ঘূর্ণিস্রোতে ধান-চালবোঝাই একটি কার্গো জাহাজ ডুবে গেছে। এতে প্রায় ৫ হাজার বস্তা ধান ও চাল পানিতে তলিয়ে গেছে। তবে কার্গোতে থাকা পাঁচ শ্রমিক সাঁতরে তীরে উঠতে সক্ষম হওয়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
বুধবার (৮ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে পুরানবাজার ঘাটসংলগ্ন মোহনায় এ দুর্ঘটনা ঘটে।
কার্গোটির চালক এরশাদ মাঝি জানান, মঙ্গলবার পাবনা থেকে ‘পারবো’ নামের কার্গোটি ৩ হাজার ৫০০ বস্তা চাল ও ১ হাজার ৫০০ বস্তা ধান নিয়ে চাঁদপুরের উদ্দেশে রওনা হয়। সকালে পুরানবাজার ঘাটের কাছে পৌঁছালে তীব্র ঘূর্ণিস্রোতের কবলে পড়ে নিয়ন্ত্রণ হারিয়ে কার্গোটি উল্টে ডুবে যায়।
পরে ডুবে যাওয়া কার্গোটি ডাকাতিয়া নদীর তীরে নিয়ে রাখা হয়। দুর্ঘটনার সময় থাকা পাঁচ শ্রমিক নিরাপদে তীরে উঠতে সক্ষম হন।
চাঁদপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক ও চাল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক নাজমুল হোসেন পাটোয়ারী জানান, ডুবে যাওয়া ধান-চাল পুরানবাজারের সাত ব্যবসায়ীর। এতে প্রায় এক কোটি টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
চাঁদপুর নৌ থানার ওসি মো. আজমগীর হোসেন জানান, কার্গোডুবির বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে।
বিআইডব্লিউটিএ চাঁদপুর নদীবন্দরের উপপরিচালক মো. কামরুজ্জামান বলেন, দুর্ঘটনার কারণ ও পরিস্থিতি জানতে নৌ-নিরাপত্তা বিভাগের কর্মকর্তাকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে।
স্থানীয়রা জানান, বর্ষা মৌসুমে তিন নদীর মোহনায় সৃষ্ট ঘূর্ণিস্রোতের কারণে প্রায়ই নৌযান দুর্ঘটনা ঘটে। এ নৌপথে চলাচলকারী নৌযানগুলোকে সতর্কতার সঙ্গে চলাচলের আহ্বান জানিয়েছেন তারা।
রিপোর্টার্স২৪/বাবি