| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নরসিংদীর গ্রীন লাইফ হাসপাতালে অভিযান, এক্স-রে কক্ষ সিলগালা ও দেড় লাখ টাকা জরিমানা

reporter
  • আপডেট টাইম: Jul ০৯, ২০২৬ ইং | ১২:৫০:২৫:অপরাহ্ন  |  ৪৩৩৭০ বার পঠিত
নরসিংদীর গ্রীন লাইফ হাসপাতালে অভিযান, এক্স-রে কক্ষ সিলগালা ও দেড় লাখ টাকা জরিমানা

নরসিংদী প্রতিনিধি: নরসিংদী সদরের একটি বেসরকারি হাসপাতালের লাইসেন্স নবায়ন না থাকাসহ বিভিন্ন অনিয়ম-অসংগতি পাওয়ায় মোবাইল কোর্টে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে হাসপাতালটির এক্স-রে কক্ষ সিলগালা করে দেওয়া হয়েছে।

বুধবার (৮ জুলাই) নরসিংদী পৌরসভার পুরাতন কান্দাপাড়া এলাকায় অবস্থিত গ্রীন লাইফ (প্রাঃ) হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার-এ এ অভিযান পরিচালনা করা হয়।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, নরসিংদী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আসমা জাহান সরকার নরসিংদী মডেল থানা পুলিশের সহায়তায় মোবাইল কোর্ট পরিচালনা করেন। অভিযানকালে হাসপাতালটির লাইসেন্স নবায়ন না থাকাসহ স্বাস্থ্যসেবা পরিচালনায় বিভিন্ন অনিয়ম ও অসংগতি ধরা পড়ে।

এসব অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় হাসপাতাল কর্তৃপক্ষকে ১ লাখ ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। পরে জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করে সরকারি কোষাগারে জমা দেওয়া হয়।

এ ছাড়া হাসপাতালের এক্স-রে কক্ষ সিলগালা করে দেওয়া হয়েছে। একই সঙ্গে আগামী ৩১ জুলাই ২০২৬-এর মধ্যে হাসপাতালটির লাইসেন্স নবায়নসহ চিহ্নিত সব অনিয়ম-অসংগতি যথাযথভাবে সংশোধনের নির্দেশ দেওয়া হয়। এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে একটি মুচলেকাও নেওয়া হয়েছে।

মোবাইল কোর্টে প্রসিকিউশন প্রদান করেন নরসিংদী সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. খলিল কায়সার খোকন। এ সময় জেলা সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. সঞ্জয় কুমার সাহাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, জনস্বার্থে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে আইন ও নির্ধারিত মানদণ্ড নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


রিপোর্টার্স২৪/ঝুম 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪