মানিকগঞ্জ প্রতিনিধি: চলতি বর্ষা মৌসুমে নদীভাঙন রোধে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার ছনকা এলাকায় জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ফেলার কাজ শুরু করেছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড। ভাঙনের ঝুঁকিতে থাকা এলাকাকে সাময়িক সুরক্ষা দিতে তাৎক্ষণিক এ উদ্যোগ নেওয়া হয়েছে।
বুধবার () দুপুরে উপজেলার বড়াইদ ইউনিয়নের ঘোনা এলাকায় জিও ব্যাগ ফেলার কাজের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মোহাম্মদ অনিক ইসলাম। এ সময় পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা নির্বাহী প্রকৌশলী, পাওয়ার গ্রিডের নির্বাহী প্রকৌশলী গিয়াস উদ্দিন, উপজেলা বিএনপি'র সভাপতি কুদ্দুস খান মজলিস মাখন সহ স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।
পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, প্রায় ২৯ লাখ টাকা ব্যয়ে ৮০ মিটার এলাকায় অস্থায়ী প্রতিরক্ষা বাঁধ হিসেবে জিও ব্যাগ নিক্ষেপ করা হচ্ছে। চলতি বর্ষায় নদীর তীব্র স্রোতে যাতে ভাঙন আরও বিস্তৃত না হয়, সে লক্ষ্যেই জরুরি ভিত্তিতে এ কাজ বাস্তবায়ন করা হচ্ছে। আগামী এক সপ্তাহের মধ্যে কাজ শেষ হওয়ার কথা রয়েছে।
উদ্বোধন শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনা সভায় পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ আক্তারুজ্জামান বলেন, ছনকা এলাকার ভাঙন পরিস্থিতি বিবেচনায় দ্রুত এ প্রকল্প হাতে নেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্ন হলে চলমান নদীভাঙন অনেকাংশে নিয়ন্ত্রণে আসবে। এতে নদীপাড়ের বসতবাড়ি, কৃষিজমি, স্থানীয় সড়কসহ গুরুত্বপূর্ণ স্থাপনা রক্ষা পাবে এবং ভাঙন আতঙ্কে থাকা মানুষের দুর্ভোগ কমবে।
নদীভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘবে প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তর সমন্বিতভাবে কাজ করছে জানিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মোহাম্মদ অনিক ইসলাম জানান, কাজের মান বজায় রেখে নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্প বাস্তবায়নের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। ফলে সুফল ভাবে স্থানীয় বাসিন্দারা।
রিপোর্টার্স২৪/ঝুম