| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কালাইয়ে কৃষক কার্ড বাস্তবায়নে জমির নামজারি দ্রুত শেষ করার নির্দেশ

reporter
  • আপডেট টাইম: Jul ০৯, ২০২৬ ইং | ১৮:৪৭:১১:অপরাহ্ন  |  ৬৫৫১৯ বার পঠিত
কালাইয়ে কৃষক কার্ড বাস্তবায়নে জমির নামজারি দ্রুত শেষ করার নির্দেশ

কালাই (জয়পুরহাট) সংবাদদাতা: জয়পুরহাটের কালাই উপজেলায় কৃষক কার্ড কর্মসূচির সফল বাস্তবায়নের লক্ষ্যে প্রকৃত কৃষকদের জমির নামজারি দ্রুত সম্পন্ন এবং এ বিষয়ে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধির নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে নামজারি সংক্রান্ত সেবায় কোনো ধরনের হয়রানি বা অযথা বিলম্ব না করার জন্য সংশ্লিষ্ট দপ্তরগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে।

কালাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মাহবুব স্বাক্ষরিত এক দাপ্তরিক পত্রে এ নির্দেশনা দেওয়া হয়।

পত্রে উল্লেখ করা হয়, সম্প্রতি সরকার কৃষকদের জন্য কৃষক কার্ড কর্মসূচি চালু করেছে। এর মাধ্যমে দেশের প্রকৃত কৃষকদের একটি নির্ভুল ও সমন্বিত ডিজিটাল তথ্যভান্ডার গড়ে তোলা এবং সরকারি কৃষি সহায়তা, ভর্তুকি ও অন্যান্য সেবা সহজে কৃষকদের কাছে পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, কৃষক কার্ডের আওতায় প্রকৃত কৃষকদের অন্তর্ভুক্তির জন্য জমির মালিকানার হালনাগাদ তথ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এজন্য জমির নামজারি কার্যক্রম দ্রুত, নির্ভুল ও অগ্রাধিকার ভিত্তিতে সম্পন্ন করতে হবে।

এ লক্ষ্যে স্থানীয়ভাবে মাইকিং, প্রচার-প্রচারণা এবং অন্যান্য মাধ্যমে কৃষকদের মধ্যে নামজারির প্রয়োজনীয়তা সম্পর্কে ব্যাপক সচেতনতা সৃষ্টি করতে হবে। যেসব কৃষকের নামে রেকর্ডীয় খতিয়ান বা নামজারি খতিয়ান নেই, তাদের দ্রুত নামজারির আবেদন করতে উদ্বুদ্ধ করতে হবে। প্রয়োজনে কৃষি বিভাগের মাঠপর্যায়ের কর্মকর্তাদের সহযোগিতা নেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে।

এছাড়া কৃষক কার্ডের সুবিধা নিতে আগ্রহী প্রকৃত কৃষকদের নামজারির আবেদন অগ্রাধিকার ভিত্তিতে গ্রহণ ও দ্রুত নিষ্পত্তির ব্যবস্থা করতে হবে। আবেদনকারীদের স্থানীয় ভূমিসেবা সহায়তা কেন্দ্রের মাধ্যমে আবেদন করার পরামর্শ দিতে বলা হয়েছে।

নির্দেশনায় আরও বলা হয়েছে, নামজারি বিষয়ে কৃষকদের যথাযথ পরামর্শ প্রদান নিশ্চিত করতে হবে এবং সেবা প্রদানে কোনো ধরনের হয়রানি বা অযথা বিলম্ব করা যাবে না। উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান, নিয়মিত তদারকি এবং কার্যক্রমের অগ্রগতি নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে।

সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মাহবুব বলেন, কৃষক কার্ড কর্মসূচির সুফল যেন প্রকৃত কৃষকদের কাছে পৌঁছে, সে লক্ষ্যেই জমির নামজারি কার্যক্রম দ্রুত সম্পন্ন করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। কৃষকদের কোনো ধরনের হয়রানি ছাড়াই দ্রুত ও মানসম্মত সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা দেওয়া হয়েছে।

জানা গেছে, ভূমি মন্ত্রণালয়ের ডিজিটালাইজেশন, নলেজ ম্যানেজমেন্ট ও পারফরম্যান্স (ডিকেএমপি) অনুবিভাগের গত ৭ জুলাই ২০২৬ তারিখের নির্দেশনার আলোকে কালাই উপজেলা কৃষি অফিস, সাব-রেজিস্ট্রি অফিস এবং উপজেলার সকল ইউনিয়ন ভূমি অফিসকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুলিপি পাঠানো হয়েছে। 

রিপোর্টার্স২৪/রাফিদ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪