টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১০১ পিস ইয়াবা ট্যাবলেটসহ স্বপন সাহা (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), টাঙ্গাইল জেলা কার্যালয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আহসানুল কবির বুলবুলের তত্ত্বাবধানে গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত কালিহাতী থানার থানাপাড়া এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
উপ-পরিদর্শক মোহাম্মদ রাশিদুল ইসলামের নেতৃত্বে পরিচালিত অভিযানে ডিএনসির অন্যান্য কর্মকর্তারা অংশ নেন। অভিযান চলাকালে থানাপাড়ার হালিম দারোগার বাড়ির ভাড়াটিয়া স্বপন সাহার বসতঘর ও ব্যক্তিগত তল্লাশি করা হয়। এ সময় তার পরিহিত লুঙ্গির ডান পাশের কোঁচরে থাকা একটি পলিথিন মোড়ানো প্যাকেট থেকে ১০১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে ঘটনাস্থল থেকেই তাকে আটক করা হয়।
আটক স্বপন সাহা কালিহাতী উপজেলার খিলদা গ্রামের মৃত কানাই লাল সাহার ছেলে। তিনি দীর্ঘদিন ধরে থানাপাড়া এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছিলেন।
এ ঘটনায় উপ-পরিদর্শক মোহাম্মদ রাশিদুল ইসলাম বাদী হয়ে কালিহাতী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।
রিপোর্টার্স২৪/রাফিদ