| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চট্টগ্রামে ডিসির নির্দেশে সব কর্মকর্তা-কর্মচারীর ছুটি বাতিল

reporter
  • আপডেট টাইম: Jul ১০, ২০২৬ ইং | ০৫:৪৮:৫৮:পূর্বাহ্ন  |  ৫৭৫৪৫ বার পঠিত
চট্টগ্রামে ডিসির নির্দেশে সব কর্মকর্তা-কর্মচারীর ছুটি বাতিল

চট্টগ্রাম প্রতিনিধি: দুর্যোগ পরিস্থিতি মোকাবিলায় চট্টগ্রাম জেলা প্রশাসনের অধীন সব কর্মকর্তা-কর্মচারীর সাপ্তাহিক ছুটিসহ সব ধরনের ছুটি বাতিল করা হয়েছে। পাশাপাশি জেলার সব উপজেলায় ২৪ ঘণ্টার কন্ট্রোল রুম চালু রেখে উদ্ধার, ত্রাণ বিতরণ ও পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।

বৃহস্পতিবার (৯ জুলাই) জেলা প্রশাসকের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা এসব তথ্য জানান।

তিনি বলেন, টানা ভারী বৃষ্টিতে গত চার দশকের মধ্যে চট্টগ্রামে সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে। পাহাড়ি ঢল ও জলাবদ্ধতায় জেলার বিভিন্ন এলাকার প্রায় সাড়ে চার লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সাতকানিয়া উপজেলা। এছাড়া চন্দনাইশ, লোহাগাড়া, বাঁশখালী ও বোয়ালখালী উপজেলার বিস্তীর্ণ এলাকাও প্লাবিত হয়েছে।

জেলা প্রশাসক জানান, দুর্যোগ মোকাবিলায় জেলা ও উপজেলা পর্যায়ে কন্ট্রোল রুম চালু রয়েছে। উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে জেলা প্রশাসন, সরকারি দপ্তর, রেড ক্রিসেন্ট, আনসার বাহিনী, স্বেচ্ছাসেবক ও বিভিন্ন সংস্থার সমন্বয়ে বিশেষ দল কাজ করছে।

তিনি বলেন, মানুষের জীবন রক্ষা প্রশাসনের সর্বোচ্চ অগ্রাধিকার। ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের দ্রুত আশ্রয়কেন্দ্রে যাওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রয়োজন হলে আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় ঝুঁকিপূর্ণ এলাকা থেকে মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হবে।

ত্রাণ সহায়তার বিষয়ে জেলা প্রশাসক বলেন, দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয় থেকে ২০০ মেট্রিক টন চাল ও ১০ লাখ টাকা বরাদ্দ পাওয়া গেছে। এছাড়া প্রধানমন্ত্রীর তহবিল থেকে আরও ২০ লাখ টাকা পাওয়া গেছে। এসব সহায়তা ক্ষতিগ্রস্ত উপজেলাগুলোতে বিতরণ করা হচ্ছে।

তিনি জানান, সাতকানিয়ার দুর্গত এলাকায় উদ্ধার কার্যক্রম আরও জোরদার করতে ১০টি স্পিডবোট চাওয়া হয়েছে। বর্তমানে নৌকার মাধ্যমে উদ্ধার অভিযান পরিচালনা করা হচ্ছে।

চট্টগ্রাম জেলায় ৬২৯টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে জানিয়ে ডিসি বলেন, আশ্রয় নেওয়া মানুষের জন্য শুকনো খাবার, রান্না করা খাবার, বিশুদ্ধ পানি ও প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হচ্ছে। গর্ভবতী নারী, শিশু ও বয়স্কদের জন্য বিশেষ স্বাস্থ্যসেবার ব্যবস্থাও রাখা হয়েছে।

তিনি আরও জানান, সাতকানিয়া, লোহাগাড়া ও চন্দনাইশ উপজেলায় প্রায় আট হাজার মানুষ ইতোমধ্যে আশ্রয়কেন্দ্রে অবস্থান নিয়েছেন। দুর্যোগ পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সব কর্মকর্তা-কর্মচারীকে মাঠপর্যায়ে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪