| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পারমাণবিক শক্তি ও সামরিক গোয়েন্দা সক্ষমতা আরও বাড়াবে উত্তর কোরিয়া

reporter
  • আপডেট টাইম: Jul ১০, ২০২৬ ইং | ১৪:৩১:৪২:অপরাহ্ন  |  ৮৮২১ বার পঠিত
পারমাণবিক শক্তি ও সামরিক গোয়েন্দা সক্ষমতা আরও বাড়াবে উত্তর কোরিয়া

ইন্টারন্যাশনাল ডেস্ক: পারমাণবিক সক্ষমতা আরও শক্তিশালী করার পাশাপাশি সামরিক গোয়েন্দা কার্যক্রম সম্প্রসারণের সিদ্ধান্ত নিয়েছে উত্তর কোরিয়া। একই সঙ্গে দক্ষিণ কোরিয়াকে লক্ষ্য করে কাজ করা দেশটির সামরিক গোয়েন্দা সংস্থার কার্যক্রম ও সক্ষমতা বাড়ানোর পরিকল্পনা নেওয়া হয়েছে।

শুক্রবার (১০ জুলাই) দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) জানায়, বৃহস্পতিবার ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় সামরিক কমিশনের এক বর্ধিত বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈঠকে উত্তর কোরিয়ার পারমাণবিক শক্তি আরও জোরদার করার পাশাপাশি জেনারেল রিকনাইসেন্স অ্যান্ড ইন্টেলিজেন্স ব্যুরো-এর দায়িত্ব ও কার্যপরিধি বাড়ানোর সিদ্ধান্ত হয়। দক্ষিণ কোরিয়াকে কেন্দ্র করে গোয়েন্দা অভিযান পরিচালনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে এই সংস্থাটি।

কেসিএনএ জানিয়েছে, সম্ভাব্য শত্রুপক্ষের হুমকি মোকাবিলা এবং গুরুত্বপূর্ণ সামরিক ও কৌশলগত তথ্য সংগ্রহের সক্ষমতা বাড়াতে গোয়েন্দা সংস্থাটিকে আরও শক্তিশালী করা হবে।

১৯৫০-৫৩ সালের কোরীয় যুদ্ধের পর উত্তর ও দক্ষিণ কোরিয়ার মধ্যে কোনো আনুষ্ঠানিক শান্তিচুক্তি হয়নি। ফলে দুই দেশ এখনো প্রযুক্তিগতভাবে যুদ্ধাবস্থায় রয়েছে। এ ছাড়া পারমাণবিক কর্মসূচির কারণে উত্তর কোরিয়ার ওপর দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা বহাল রয়েছে।

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ংয়ের পক্ষ থেকে দেওয়া সমঝোতার আহ্বানও বারবার প্রত্যাখ্যান করেছে পিয়ংইয়ং। উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়াকে তাদের “সবচেয়ে শত্রুভাবাপন্ন রাষ্ট্র” হিসেবে আখ্যা দিয়ে নিজেদের “অপরিবর্তনীয় পারমাণবিক রাষ্ট্র” হিসেবে ঘোষণা করেছে।

কোরিয়া ইনস্টিটিউট ফর ন্যাশনাল ইউনিফিকেশনের জ্যেষ্ঠ গবেষক হং মিন বলেন, উত্তর কোরিয়া বর্তমানে দুই কোরিয়াকে পৃথক ও বৈরী রাষ্ট্র হিসেবে বিবেচনা করছে। এ কারণে দক্ষিণ কোরিয়াকে লক্ষ্য করে সামরিক গোয়েন্দা কার্যক্রমের গুরুত্ব দেশটির কাছে আরও বেড়েছে।

বিশেষজ্ঞদের ধারণা, রাশিয়া-ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে সামরিক সহায়তা দেওয়ার বিনিময়ে উত্তর কোরিয়া উন্নত সামরিক প্রযুক্তি, বিশেষ করে নজরদারি স্যাটেলাইট প্রযুক্তি অর্জনের চেষ্টা করছে।

২০২৩ সালে উত্তর কোরিয়া একটি সামরিক গোয়েন্দা উপগ্রহ সফলভাবে কক্ষপথে পাঠায়। দেশটির দাবি, ওই উপগ্রহের মাধ্যমে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনার ছবি সংগ্রহ করা হচ্ছে।

এদিকে দক্ষিণ কোরিয়ার একীকরণ মন্ত্রণালয় জানিয়েছে, উত্তর কোরিয়ার সামরিক গোয়েন্দা সংস্থার সম্প্রসারণের বিষয়টি তারা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

কোরীয় যুদ্ধের পর থেকেই উত্তর কোরিয়া তথ্য সংগ্রহ, গুপ্তচরবৃত্তি এবং বিভিন্ন ধরনের গোপন অভিযান পরিচালনা করে আসছে।

সূত্র: এএফপি


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪