লক্ষ্মীপুর প্রতিনিধি:পুরোনো আইন দিয়ে বর্তমান পরিস্থিতিতে মাদক নিয়ন্ত্রণ করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া। তিনি বলেছেন, দেশে দীর্ঘদিন গণতান্ত্রিক সরকার না থাকায় মাদক কারবারিরা তাদের নেটওয়ার্ক আরও বিস্তৃত করেছে। তাই মাদক নির্মূলে কার্যকর ও সময়োপযোগী নতুন আইন প্রণয়নের উদ্যোগ নিয়েছে সরকার।
শুক্রবার (১০ জুলাই) বিকেলে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার মধ্যসাগরদী জামে মসজিদের সামনে স্থানীয় এলাকাবাসীর আয়োজনে মাদক, কিশোর গ্যাং ও চাঁদাবাজিবিরোধী মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আবুল খায়ের ভূঁইয়া বলেন, মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে সংসদে নতুন মাদকবিরোধী আইন প্রণয়নের জন্য বিল আনা হয়েছে। পাশাপাশি জুয়ার বিরুদ্ধেও কঠোর আইন করা হচ্ছে। সরকার মাদক ব্যবসায়ীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে বদ্ধপরিকর।
তিনি আরও বলেন, মাদক, কিশোর গ্যাং ও চাঁদাবাজির মতো সামাজিক অপরাধ দমনে প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষকেও ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।
বামনী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক বাহারুল আলমের সভাপতিত্বে মানববন্ধনে সঞ্চালনা করেন বাংলাদেশ আইন সমিতির সাংগঠনিক সম্পাদক ও আলফা স্টার ফাউন্ডেশনের চেয়ারম্যান কামরুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়া, রায়পুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হারুনুর রশিদসহ স্থানীয় জনপ্রতিনিধি, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
রিপোর্টার্স২৪/রাফিদ