বান্দরবান প্রতিনিধি: টানা ভারী বর্ষণ ও বিরূপ আবহাওয়ার কারণে জননিরাপত্তার স্বার্থে বান্দরবান জেলার সব পর্যটনকেন্দ্র আগামী ১৫ জুলাই পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন।
শুক্রবার (১০ জুলাই) জেলা প্রশাসকের কার্যালয়ের পর্যটন সেল থেকে জারি করা এক জরুরি গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সানিউল ফেরদৌস।
জেলা প্রশাসন জানায়, টানা বৃষ্টিপাতের কারণে জেলার বিভিন্ন এলাকায় যোগাযোগ ব্যবস্থা ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। পাশাপাশি পাহাড় ধস, দুর্ঘটনা ও অন্যান্য প্রাকৃতিক ঝুঁকি বিবেচনায় পর্যটক ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর আগে ৮ জুলাই পর্যটনকেন্দ্র বন্ধের যে নির্দেশনা দেওয়া হয়েছিল, তার মেয়াদ বাড়িয়ে ১৫ জুলাই পর্যন্ত করা হয়েছে।
নতুন নির্দেশনা অনুযায়ী, এ সময় জেলার সব পর্যটনকেন্দ্র, ঝরনা, পাহাড়ি ট্রেইল, নদীপথ, দুর্গম এলাকা ও ঝুঁকিপূর্ণ স্থানে পর্যটক, ট্যুর অপারেটর এবং সাধারণ মানুষের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।
জেলা প্রশাসন সংশ্লিষ্ট সবাইকে সরকারি নির্দেশনা মেনে চলার এবং আবহাওয়ার পরিস্থিতি বিবেচনায় প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে।
রিপোর্টার্স২৪/বাবি