নারায়ণগঞ্জ প্রতিনিধি:নারায়ণগঞ্জ সম্পূর্ণ নির্মূল করতে হবে বলে মন্তব্য করেছেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব এবিএম সিরাজুল মামুন। তিনি বলেছেন, মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি বন্ধে রাজনৈতিক সদিচ্ছা ও আদর্শভিত্তিক নেতৃত্বের বিকল্প নেই।
শুক্রবার (১০ জুলাই) বিকেলে নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার কাশীপুর ভোলাইল কেন্দ্রীয় ঈদগাহ মাঠে আয়োজিত খেলাফত মজলিসের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সিরাজুল মামুন বলেন, স্বাধীনতার বহু বছর পরও দেশের মানুষ কাঙ্ক্ষিত পরিবর্তন পায়নি। এর অন্যতম কারণ অসৎ ও সুবিধাবাদী রাজনীতি। নতুন বাংলাদেশ গড়তে হলে সৎ, আদর্শবান ও জনকল্যাণে নিবেদিত নেতৃত্ব প্রতিষ্ঠা করতে হবে।
মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিষয়ে তিনি বলেন, এসব অপরাধ রাজনৈতিক ও প্রশাসনিক প্রশ্রয়ের কারণে টিকে আছে। অপরাধীর সংখ্যা কম হলেও তারা বিভিন্ন মহলের আশ্রয়-প্রশ্রয় পেয়ে সমাজে প্রভাব বিস্তার করছে।
নারায়ণগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, কাশীপুর ও ফতুল্লাসহ বিভিন্ন এলাকায় শ্রমিকরা বেতন নিয়ে বাড়ি ফেরার পথে ছিনতাইয়ের শিকার হচ্ছেন। মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনিক পদক্ষেপের পাশাপাশি নেতৃত্বের পরিবর্তনও প্রয়োজন।
মাদকবিরোধী অবস্থান তুলে ধরে তিনি বলেন, দেশে ‘মাদক নিয়ন্ত্রণ’ নয়, ‘মাদক নির্মূল’-এর নীতি গ্রহণ করতে হবে। খেলাফত মজলিসের গঠনতন্ত্রেও মাদক ও মাদকশক্তি নির্মূলের অঙ্গীকার রয়েছে।
বিএনপির সমালোচনা করে সিরাজুল মামুন বলেন, বিএনপিতে অনেক ভালো মানুষ রয়েছেন। তবে অনেকেই জনগণের স্বার্থের চেয়ে ব্যক্তিগত স্বার্থ নিয়ে বেশি ব্যস্ত।
তিনি আরও বলেন, জুলাই আন্দোলনের আকাঙ্ক্ষা বাস্তবায়নে নতুন ধারার রাজনীতি ও জনসেবায় নিবেদিত নেতৃত্ব প্রয়োজন। দুর্নীতি ও লোভের ঊর্ধ্বে থেকে মানুষের কল্যাণে কাজ করতে পারে এমন নেতৃত্ব গড়ে তুলতে খেলাফত মজলিস কাজ করছে।
সম্মেলনে খেলাফত মজলিস নারায়ণগঞ্জ মহানগর শাখার সহসাধারণ সম্পাদক মুফতি শেখ শাব্বীর আহমাদ বলেন, নির্বাচনের আগে নারায়ণগঞ্জের পাঁচটি মাদকের স্পটের কথা উল্লেখ করা হয়েছিল। নির্বাচনের পর এসব বিষয়ে কী পদক্ষেপ নেওয়া হয়েছে, তা জনগণ জানতে চায়।
কাশীপুর ইউনিয়ন শাখার সভাপতি আসিফ ইকবালের সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য দেন জেলা শাখার সভাপতি মাওলানা আহমদ আলী, মহানগর শাখার সাধারণ সম্পাদক ইলিয়াস আহমদ, জেলা সহসাধারণ সম্পাদক মুস্তাফিজুর রহমান মুনঈম, সদর থানা সভাপতি খন্দকার হাফেজ আওলাদ, ফতুল্লা থানা সভাপতি আবু বকর সিদ্দীকসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতারা।
রিপোর্টার্স২৪/রাফিদ