বগুড়া প্রতিনিধি: কুরআন ও হাদিসের সঠিক ব্যাখ্যা জেনে-বুঝে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বগুড়া মহানগর আমীর অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল। তিনি বলেন, দ্বীনের সঠিক শিক্ষা শুধু প্রচার করলেই হবে না, জীবনের প্রতিটি ক্ষেত্রে তা বাস্তবায়নের মাধ্যমেই মানবতার কল্যাণ এবং আল্লাহর সন্তুষ্টি অর্জন সম্ভব।
শনিবার (১১ জুলাই) দুপুরে বগুড়ার একটি মোটেলে বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীন বগুড়া মহানগরের উদ্যোগে আয়োজিত মুফাসসির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সম্মেলনে বিদায়ী সভাপতি মাওলানা আব্দুল হালিম বেগ সভাপতিত্ব করেন এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন মাওলানা আব্দুস সালাম যুক্তিবাদী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীনের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি মাওলানা রুহুল আমীন, মুফাসসিরে কুরআন ক্বারী আব্দুল্লাহ আল আমীন, মুফতি মাওলানা বজলুর রশিদ মিয়া, মাওলানা হেদায়েতুল ইসলাম সিরাজী, মাওলানা রুহুল আমীন যুক্তিবাদী এবং ক্বারী মাওলানা আব্দুল মজিদ।
এছাড়া সম্মেলনে বক্তব্য দেন মাওলানা গোলাম রাব্বানী যুক্তিবাদী, ড. মাওলানা আব্দুল বারী রশিদী, মাওলানা আশরাফ বিন মুবারক আলী সিদ্দিকী, এইচ এম মেহেদী হাসান সিদ্দিকী, মাওলানা আজাহার আলী, মুফতি মাকসুদ আল আজমী, মাওলানা হায়দার আলী, পীরজাদা আমজাদ হোসাইন রাশেদী, মাওলানা আহসান হাবীব শাকিল, মাওলানা নুরুল ইসলাম সিরাজী, মুফতি মিনহাজুল ইসলাম মাহমুদি, প্রভাষক মাওলানা নুর আলম, মুফতি মাওলানা ওসমান গনি, মাওলানা আবু হানিফ রানা ও মাওলানা নাছরুল্লাহসহ অন্যান্য আলেম ও ইসলামী চিন্তাবিদরা।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আবিদুর রহমান সোহেল বলেন, ইসলাম শান্তি, ন্যায় ও মানবকল্যাণের ধর্ম। তাই কুরআন-হাদিসের প্রকৃত শিক্ষা সমাজে ছড়িয়ে দিতে আলেম-ওলামাদের আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। বিভ্রান্তি দূর করে মানুষের মাঝে ইসলামের সঠিক দিকনির্দেশনা পৌঁছে দেওয়ার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।
সম্মেলনের শেষপর্বে বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীনের বগুড়া মহানগর শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়। এতে মাওলানা আব্দুস সালাম যুক্তিবাদীকে সভাপতি, মাওলানা আব্দুল কাদের বাস্তববাদীকে সাধারণ সম্পাদক এবং অধ্যাপক মাওলানা আবুল কালাম আজাদকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়।
রিপোর্টার্স২৪/ঝুম