| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কাপাসিয়া বাজারে ভয়াবহ আগুন, পুড়ল ৯ দোকান ও একটি বাড়ি; ক্ষতি সোয়া কোটি টাকা

reporter
  • আপডেট টাইম: Jul ১২, ২০২৬ ইং | ১৫:১৫:৩৫:অপরাহ্ন  |  ১৩৪৪ বার পঠিত
কাপাসিয়া বাজারে ভয়াবহ আগুন, পুড়ল ৯ দোকান ও একটি বাড়ি; ক্ষতি সোয়া কোটি টাকা

গাজীপুর প্রতিনিধি:গাজীপুরের কাপাসিয়া উপজেলা সদরের কাপাসিয়া বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৯টি দোকান ও একটি বাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। রোববার ভোর সাড়ে ৪টার দিকে বাজারের মসজিদ সংলগ্ন এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ব্যবসায়ীদের নগদ টাকা ও মালামালসহ প্রায় সোয়া কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

স্থানীয়রা জানান, ভোরে হঠাৎ বাজারে আগুন দেখতে পেয়ে তারা তা নিয়ন্ত্রণের চেষ্টা করেন এবং ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে কাপাসিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের দুটি ইউনিট এবং রাজেন্দ্রপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

কাপাসিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন কর্মকর্তা মো. মাহফুজুর রহমান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। বাজারের সরু রাস্তার কারণে ঘটনাস্থলে পৌঁছাতে কিছুটা বেগ পেতে হয়েছে। তবে ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

আগুনে সাহাবা টেইলার্স অ্যান্ড ফেব্রিক্স, হাটহাজারী টেইলার্স, মেসার্স আল মদিনা টেইলার্স, ঘাসফড়িং পাঞ্জাবি অ্যান্ড ইসলামী আইটেম, ইসলামী পাঞ্জাবি দোকান, মেসার্স আল আজহার পাঞ্জাবি ও টেইলার্স, তাজউদ্দীনের জুতার গোডাউনসহ বেশ কয়েকটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি, দোকানের কাপড়, মালামাল ও নগদ টাকা পুড়ে তাদের কয়েক লাখ থেকে কয়েক দশ লাখ টাকা পর্যন্ত ক্ষতি হয়েছে। এর মধ্যে একটি টিনশেড বাড়ির ছয়টি কক্ষও আগুনে পুড়ে যায়। বাড়ির মালিকের দাবি, নগদ টাকা, আসবাবপত্র, এসিসহ প্রায় ৩৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।

এছাড়া পাশের মসজিদের জেনারেটর রুমও আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।

আগুনের খবর পেয়ে কাপাসিয়া থানার পুলিশ, বাজার ব্যবসায়ী সমিতির আহ্বায়ক আফজাল হোসাইন, সদস্য সচিব সাংবাদিক সাইফুল ইসলাম শাহীন, কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেনসহ স্থানীয় সাংবাদিক ও ব্যবসায়ী নেতারা ঘটনাস্থলে ছুটে আসেন।

ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহযোগিতায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আসায় বাজারের আরও বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে।

রিপোর্টার্স২৪/রাফিদ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪