বরিশাল প্রতিনিধি: রাষ্ট্রক্ষমতা গ্রহণের চার মাস পর প্রথমবারের মতো সোমবার (১৩ জুলাই) বরিশাল সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরকালে তিনি বরিশাল সদর ও গৌরনদী উপজেলায় বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেবেন।
প্রধানমন্ত্রীর সফর ঘিরে বরিশালে চলছে ব্যাপক প্রস্তুতি। স্থানীয় প্রশাসন ও দলীয় উদ্যোগে প্রস্তুতি সভা, কর্মসূচিস্থল পরিদর্শন এবং বিভিন্ন সংস্কারকাজ এগিয়ে চলছে। তবে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী এবার কোনো তোরণ, ব্যানার বা ফেস্টুন ছাড়াই আয়োজন করা হচ্ছে।
বরিশাল বিএনপি জানিয়েছে, গৌরনদী থেকে বরিশাল পর্যন্ত প্রায় ৪০ কিলোমিটার সড়কের দুই পাশে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানাবেন নেতাকর্মী ও স্থানীয়রা। তবে এতে যাতে সাধারণ মানুষের চলাচলে কোনো ভোগান্তি না হয়, সে বিষয়ে সতর্কতা নেওয়া হয়েছে।
সফরসূচি অনুযায়ী, সোমবার সকাল ১০টায় গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নে নবখননকৃত সরিকল-বাটাজোর খালের পাশে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী। সেখানে দুই হাজার গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করবেন তিনি। পরে গৌরনদীতে ফ্যামিলি কার্ডের উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় করার কথা রয়েছে।
এরপর দুপুর সাড়ে ১২টায় বরিশাল নগরীর কীর্তনখোলা নদীর তীরবর্তী ত্রিশ গোডাউন এলাকায় বধ্যভূমি সংলগ্ন সাগরদী খালের পাশে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন তিনি। সেখানে দেশীয় প্রজাতির ফল ও ফুলের গাছ রোপণ করা হবে। এর মধ্যে বরিশালের জিআই পণ্য হিসেবে স্বীকৃত আমড়া ও নারিকেল গাছের চারাও রয়েছে।
বিকেল ৩টায় বরিশাল শিল্পকলা একাডেমিতে বিএনপির সাংগঠনিক সভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী। পরে সড়কপথে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে।
বরিশাল জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান বলেন, প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে উৎসাহ-উদ্দীপনা রয়েছে। তবে নির্দেশনা অনুযায়ী জনদুর্ভোগ সৃষ্টি হয়—এমন কোনো আয়োজন রাখা হয়নি।
বরিশালের জেলা প্রশাসক মামুন খন্দকার জানান, প্রধানমন্ত্রীর সফরে নিরাপত্তা ও প্রশাসনিক ব্যবস্থাপনায় প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। বৃক্ষরোপণ কর্মসূচি এবং অন্যান্য সরকারি কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্টদের দায়িত্ব দেওয়া হয়েছে।
রিপোর্টার্স২৪/বাবি