আন্তর্জাতিক ডেস্ক: থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের উত্তরাঞ্চলে একটি জনপ্রিয় বারে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৬৩ জন।
সোমবার (১৩ জুলাই) ঘটনাস্থল পরিদর্শন শেষে টেলিভিশনে দেওয়া ভাষণে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী অনুতিন চার্নভিরাকুল এ তথ্য জানান। তিনি বলেন, উদ্ধারকাজে ২৭ জনের মরদেহ পাওয়া গেছে। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং তাদের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করা হচ্ছে।
প্রধানমন্ত্রী জানান, প্রাথমিক তথ্য অনুযায়ী, বারে নিয়মিত পারফর্ম করা এক সংগীতশিল্পী বিদ্যুৎ চলে যাওয়ার আগে মঞ্চের পাশে একটি সার্কিট ব্রেকার থেকে ধোঁয়া বের হতে দেখেন। এরপর বিস্ফোরণের শব্দ শোনা যায় এবং মুহূর্তের মধ্যে পুরো বার ঘন কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে।
উদ্ধারকারীরা জানান, অগ্নিকাণ্ডের সময় বারের পেছনের টয়লেটগুলোতে আটকা পড়ে অনেকের মৃত্যু হয়। মধ্যরাতে আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
ঘটনাস্থলের ভিডিও ফুটেজে দেখা গেছে, ব্যাংককের ‘না লাদপ্রাও’ এলাকার ওই বারে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে এবং সদর দরজা দিয়ে ঘন ধোঁয়া বের হচ্ছে। আগুনে বারের ভেতরের আসবাবপত্রসহ পুরো এলাকা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
অগ্নিকাণ্ডের কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ।
রিপোর্টার্স২৪/বাবি