বগুড়া প্রতিনিধি: বগুড়ার সোনাতলা উপজেলার হরিখালী বিজয় কিশোর বালিকা বিদ্যালয় ধ্বংসের চক্রান্ত ও তিন শিক্ষকের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও পরিচালক রাজীব প্রসাদ।
সোমবার (১৩ জুলাই) দুপুরে বগুড়া প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করেন, নিজস্ব অর্থায়নে ২০২৩ সালে প্রতিষ্ঠিত বিদ্যালয়টি কয়েকজন শিক্ষকের কর্মকাণ্ডে ক্ষতির মুখে পড়েছে।
রাজীব প্রসাদ অভিযোগ করেন, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. তাহের শেখ, ইংরেজি শিক্ষক মো. মানিক মিয়া ও বিজ্ঞান শিক্ষক মো. পিলিন মিয়া শিক্ষার্থীদের জোরপূর্বক প্রাইভেট ও কোচিংয়ে পড়তে বাধ্য করতেন। এর প্রতিবাদ করায় তারা ক্ষুব্ধ হয়ে গত ১ জুলাই প্রায় ৭০ জন শিক্ষার্থীকে ভুল বুঝিয়ে অন্যত্র নিয়ে যাওয়ার চেষ্টা করেন।
তিনি আরও অভিযোগ করেন, পরদিন ওই শিক্ষকরা বিদ্যালয়ে দায়িত্ব পালন না করে শিক্ষার্থীদের অন্যত্র নিয়ে গিয়ে পাঠদান শুরু করেন, যা বিদ্যালয়ের সুনাম ক্ষুণ্ন করছে এবং শিক্ষার্থীদের শিক্ষাজীবন ঝুঁকির মুখে ফেলছে।
এ ঘটনায় সোনাতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), মাধ্যমিক শিক্ষা অফিস ও থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে জানিয়ে রাজীব প্রসাদ অভিযুক্ত শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং শিক্ষার্থীদের ভবিষ্যৎ সুরক্ষায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
রিপোর্টার্স২৪/বাবি