ময়মনসিংহ প্রতিনিধি: মাদকাসক্ত কারাবন্দীদের পুনর্বাসনের লক্ষ্যে ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে বিশেষ কাউন্সেলিং সেশন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৩ জুলাই) ‘মাদকাসক্তি মুক্ত বাংলাদেশ গড়াই আমাদের লক্ষ্য’ প্রতিপাদ্যে জেলা প্রশাসন ও ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারের উদ্যোগে এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহযোগিতায় এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক মো. সাইফুর রহমান। ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মো. কামরুল হাসান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক আনোয়ার হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
কাউন্সেলিং সেশনে মাদকাসক্ত বন্দীদের মাদকের ক্ষতিকর দিক সম্পর্কে সচেতন করা, মানসিক পরিবর্তন আনা এবং স্বাভাবিক জীবনে ফিরে আসতে উদ্বুদ্ধ করার ওপর গুরুত্ব দেওয়া হয়।
আয়োজকরা জানান, কারাগারকে শুধু শাস্তির স্থান নয়, কার্যকর সংশোধনাগার হিসেবে গড়ে তুলতে এ ধরনের পুনর্বাসনমূলক কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নিয়মিত কাউন্সেলিং ও মনোসামাজিক সহায়তার মাধ্যমে বন্দীদের সমাজে পুনঃপ্রতিষ্ঠার সুযোগ তৈরি করাই এ উদ্যোগের লক্ষ্য।