ময়মনসিংহ প্রতিনিধি: গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর) কর্মসূচির আওতায় ২০২৫-২০২৬ অর্থবছরের প্রকল্প বাস্তবায়নের জন্য ময়মনসিংহ সিটি কর্পোরেশন এলাকার বিভিন্ন ধর্মীয়, শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠানের অনুকূলে ৭১ লাখ টাকার চেক বিতরণ করা হয়েছে।
সোমবার (১৩ জুলাই) সকাল ১১টায় ময়মনসিংহ সিটি কর্পোরেশনের শহীদ শাহাবুদ্দিন মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে মোট ৬৬টি প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে এই চেক তুলে দেওয়া হয়।
চেকপ্রাপ্ত প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে ৪২টি মসজিদ, ৫টি মন্দির, ১৪টি মাদ্রাসা, ২টি স্কুল, ১টি এতিমখানা এবং ২টি ক্লাব। এসব প্রতিষ্ঠানে টিআর কর্মসূচির আওতায় বিভিন্ন উন্নয়নমূলক কাজ বাস্তবায়নের লক্ষ্যে এ অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক মো. রুকুনোজ্জামান রোকন। তিনি বলেন, ধর্মীয়, শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক প্রতিষ্ঠানগুলোর উন্নয়ন এবং জনকল্যাণমূলক কার্যক্রমকে আরও গতিশীল করতে সরকার নিয়মিতভাবে বিভিন্ন উন্নয়ন কর্মসূচির আওতায় সহায়তা প্রদান করে আসছে।
তিনি আরও বলেন, বরাদ্দকৃত অর্থ যথাযথভাবে ব্যবহার করে নির্ধারিত প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে জনগণের সর্বোচ্চ কল্যাণ নিশ্চিত করতে হবে। স্বচ্ছতা ও জবাবদিহিতা বজায় রেখে উন্নয়ন কার্যক্রম পরিচালনার জন্যও তিনি সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।
চেক বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিটি কর্পোরেশন প্রধান নির্বাহী কর্মকর্তা সুমনা আল মজিদ সহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি, সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকবৃন্দরা।
রিপোর্টার্স২৪/ধ্রুব