ফরিদপুর (ভাঙ্গা) প্রতিনিধি: দীর্ঘ ২৩ বছর পর ফরিদপুরের ভাঙ্গা উপজেলা ও পৌর যুবদলের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। সোমবার (১৩ জুলাই) কেন্দ্রীয় যুবদল এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ২৭ সদস্যের উপজেলা যুবদল এবং ১৩ সদস্যের পৌর যুবদলের কমিটি অনুমোদনের বিষয়টি জানায়।
নতুন কমিটিতে উপজেলা যুবদলের সভাপতি হয়েছেন ওসমান মুন্সী, সাধারণ সম্পাদক গোলাম আজম এবং সাংগঠনিক সম্পাদক রামীম মোল্লা। পৌর যুবদলের সভাপতি নাজমুল হাসান, সাধারণ সম্পাদক শাওন বিশ্বাস ও সাংগঠনিক সম্পাদক হয়েছেন আবিদ হাসান।
ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব খন্দকার ইকবাল হোসেন জানান, দীর্ঘদিন দলীয় রাজনীতিতে সক্রিয় থাকা, নির্যাতনের শিকার হওয়া ও সাংগঠনিক ভূমিকা পালনকারীদের মূল্যায়নের ভিত্তিতে এসব কমিটি গঠন করা হয়েছে। তিনি বলেন, নতুন নেতৃত্বের মাধ্যমে উপজেলা ও পৌর যুবদলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে।
তিনি আরও জানান, শিগগিরই আংশিক কমিটিগুলো পূর্ণাঙ্গ করা হবে।
নবনির্বাচিত নেতারা ঐক্যবদ্ধভাবে কাজ করে যুবদলের সাংগঠনিক কার্যক্রম শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেছেন।