| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

টাঙ্গাইলে প্রাথমিক শিক্ষার উন্নয়নে ৪৫ উদ্যোগ জেলা প্রশাসনের

reporter
  • আপডেট টাইম: Jul ১৪, ২০২৬ ইং | ০০:৫৪:০৮:পূর্বাহ্ন  |  ৭৭৮ বার পঠিত
টাঙ্গাইলে প্রাথমিক শিক্ষার উন্নয়নে ৪৫ উদ্যোগ জেলা প্রশাসনের

টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলে প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও শিশুদের পরিপূর্ণ বিকাশে ৪৫টি কর্মসূচি বাস্তবায়ন করছে জেলা প্রশাসন। শিক্ষার্থীদের শুধু পাঠ্যবই নির্ভর না রেখে মানবিক মূল্যবোধ, প্রযুক্তি, সংস্কৃতি, বিজ্ঞান ও পরিবেশ সচেতন নাগরিক হিসেবে গড়ে তুলতেই এসব উদ্যোগ নেওয়া হয়েছে।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, প্রাথমিক শিক্ষার উন্নয়নে এরই মধ্যে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করা হয়েছে। এর মধ্যে রয়েছে বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সঙ্গে নিয়মিত মতবিনিময়, শিক্ষার্থীদের শতভাগ উপস্থিতি নিশ্চিত করতে অভিভাবক সমাবেশ, বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ, প্রান্তিক এলাকার ১৬০টি প্রাথমিক বিদ্যালয়ে খেলার মাঠ তৈরি এবং শিক্ষার্থীদের জন্য শিক্ষা উপকরণ বিতরণ।

শিক্ষার্থীদের মানসিক বিকাশে বিদ্যালয়গুলোতে বুক কর্নার স্থাপন, বিভিন্ন লেখকের বই পড়ার আগ্রহ তৈরি, খেলাধুলার সামগ্রী বিতরণ এবং সাংস্কৃতিক চর্চায় উৎসাহ দিতে বাদ্যযন্ত্র সরবরাহ করা হয়েছে। পাশাপাশি বিজ্ঞানমনস্কতা গড়ে তুলতে বিজ্ঞান মেলার আয়োজন, বিজ্ঞান বক্স বিতরণ এবং প্রযুক্তিনির্ভর শিক্ষার জন্য আইটি সরঞ্জাম দেওয়া হয়েছে।

পরিবেশ সচেতনতা তৈরিতে বিদ্যালয় প্রাঙ্গণে কৃষ্ণচূড়া, জারুল ও সোনালু গাছের চারা রোপণ, শব্দদূষণ, খাদ্যশৃঙ্খল ও উদ্ভিদের জীবনচক্র বিষয়ে কর্মশালার আয়োজন করা হচ্ছে। বিদ্যালয়ে বর্জ্য পৃথকীকরণের অভ্যাস গড়ে তুলতে তিন রঙের বিন স্থাপনের উদ্যোগও নেওয়া হয়েছে।

শিশুদের নিরাপত্তা ও সচেতনতা বৃদ্ধিতে ট্রাফিক নিয়ম, ভূমিকম্প ও অগ্নিদুর্ঘটনায় করণীয় বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহযোগিতায় বিদ্যালয়ে সচেতনতামূলক মহড়ার আয়োজন করা হচ্ছে।

এ ছাড়া প্রান্তিক পর্যায়ের কয়েকটি বিদ্যালয়ে চালু করা হয়েছে মিড ডে মিল কার্যক্রম। শিক্ষার্থীদের সুষম খাদ্য ও স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস সম্পর্কে ধারণা দিতে শ্রেণিকক্ষেও ব্যবহারিক পাঠ দেওয়া হচ্ছে।

দেশপ্রেম ও জাতীয় চেতনা বৃদ্ধিতে ১৬০টি প্রাথমিক বিদ্যালয়ে বাংলাদেশের মানচিত্র সম্বলিত ম্যুরাল স্থাপন করা হয়েছে। পাশাপাশি শিক্ষার্থীদের জন্য পরিবেশবান্ধব পাটের ব্যাগ, স্কুল ব্যাগ, পানির বোতল, টিফিন বক্স ও অন্যান্য শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।

অভিভাবকদের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে শিশুদের পুষ্টিকর খাবার, শৃঙ্খলা, প্রযুক্তি আসক্তি কমানো, বাল্যবিবাহ ও শিশু নির্যাতন প্রতিরোধে সচেতন করা হচ্ছে।

অভিভাবক গোলাম রাব্বিসহ কয়েকজন জানান, এসব উদ্যোগের ফলে শিক্ষার্থীরা পাঠ্যবইয়ের পাশাপাশি বাস্তব জীবন, সংস্কৃতি, খেলাধুলা ও পরিবেশ সম্পর্কে জানার সুযোগ পাচ্ছে।

টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক বলেন, শিশুরাই দেশের ভবিষ্যৎ সম্পদ। তাদের পরিপূর্ণ বিকাশ ও মানবিক মূল্যবোধসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তুলতে প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় পরিবর্তন আনার চেষ্টা করা হচ্ছে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪