খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন সড়ক ও যোগাযোগ ব্যবস্থা পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত ও পুলিশ সুপার মো. মোরতোজা আলী খাঁন।
পরিদর্শনকালে তারা ৪ নম্বর লতিবান ইউনিয়নের নালকাটা-শুকনাছড়ি সড়কের ক্ষতিগ্রস্ত অংশ এবং পানছড়ি-খাগড়াছড়ি প্রধান সড়কের পানছড়ি সিনিয়র ইসলামিয়া মাদ্রাসা সংলগ্ন এলাকা ঘুরে দেখেন। এ সময় চলমান সংস্কার কাজের অগ্রগতি পর্যালোচনা করে সংশ্লিষ্টদের দ্রুত, টেকসই ও মানসম্মতভাবে কাজ শেষ করার নির্দেশ দেন।
জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক দ্রুত সচল করে জনদুর্ভোগ কমাতে প্রশাসন গুরুত্ব দিয়ে কাজ করছে। মানুষের স্বাভাবিক চলাচল নিশ্চিত করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হয়েছে।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন পানছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা নাসরিন, পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফেরদৌস ওয়াহিদসহ প্রশাসনের কর্মকর্তারা।
উল্লেখ্য, টানা ভারী বর্ষণ ও বন্যায় পানছড়ি উপজেলার বেশ কয়েকটি সড়ক ক্ষতিগ্রস্ত হওয়ায় স্থানীয়দের চলাচলে দুর্ভোগ সৃষ্টি হয়েছে। এসব সড়ক দ্রুত সংস্কারের উদ্যোগ নিয়েছে প্রশাসন।
রিপোর্টার্স২৪/বাবি