রিপোর্টার্স২৪ ডেস্ক: সৌদি আরবে ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও অবৈধভাবে অবস্থানকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের ঘোষণা দিয়েছে দেশটির সরকার। নির্ধারিত সময়ের পর অবস্থান করলে বড় অঙ্কের জরিমানা, কারাদণ্ড এবং দেশ থেকে নির্বাসনের মুখোমুখি হতে হবে।
সোমবার (১৩ জুলাই) গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, ভিসার মেয়াদ শেষ হওয়ার পর সৌদি আরবে অবস্থান করা গুরুতর অপরাধ হিসেবে বিবেচিত হবে। এ অপরাধের জন্য সর্বোচ্চ ৫০ হাজার সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা হতে পারে। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ ১৬ লাখ টাকারও বেশি।
জরিমানার পাশাপাশি অপরাধীকে সর্বোচ্চ ছয় মাস পর্যন্ত কারাদণ্ড দেওয়া হতে পারে। একই সঙ্গে তাকে সৌদি আরব থেকে বহিষ্কার করা হবে এবং ভবিষ্যতে দেশটিতে প্রবেশের ওপর নিষেধাজ্ঞাও আরোপ করা হতে পারে।
সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আবাসন ও শ্রমবিষয়ক আইন কঠোরভাবে কার্যকর করার অংশ হিসেবে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। এর লক্ষ্য হলো ভিসার অপব্যবহার রোধ করা এবং দর্শনার্থীরা যাতে অনুমোদিত সময়ের বেশি অবস্থান না করেন, তা নিশ্চিত করা।
মন্ত্রণালয় দেশটির নাগরিক ও বাসিন্দাদের প্রতি আহ্বান জানিয়েছে, আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের কোনো ঘটনা চোখে পড়লে তা দ্রুত কর্তৃপক্ষকে জানাতে।
এ জন্য ২৪ ঘণ্টার হটলাইন চালু রাখা হয়েছে। মক্কা, মদিনা, রিয়াদ ও পূর্বাঞ্চলীয় প্রদেশের বাসিন্দারা ৯১১ নম্বরে এবং অন্যান্য অঞ্চলের বাসিন্দারা ৯৯৯ নম্বরে ফোন করে তথ্য জানাতে পারবেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় আরও জানিয়েছে, নিরাপত্তা ব্যবস্থা জোরদার, শ্রমবাজারের শৃঙ্খলা বজায় রাখা এবং আইন লঙ্ঘনের ঘটনা কমিয়ে আনতেই এ কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, সৌদি কর্তৃপক্ষ বর্তমানে আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে দেশব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করছে। এর মধ্যেই নতুন এই সতর্কবার্তা দেওয়া হলো।
রিপোর্টার্স২৪/ঝুম