পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের বোদা উপজেলায় বাড়িতে ডেকে নিয়ে বিস্কুটের প্রলোভন দেখিয়ে দুই শিশুকে একাধিকবার ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত মো. আমিনুল ইসলাম (৪৫) নামের এক ব্যক্তিকে সোমবার (১৩ জুলাই) রাতে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ ও এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী শিশুরা অভিযুক্ত আমিনুল ইসলামকে ‘দাদু’ বলে ডাকত। এই সুবাদে তারা মাঝেমধ্যেই আমিনুলের বাড়িতে খেলতে যেত। সম্প্রতি বাড়িতে কেউ না থাকার সুযোগে অভিযুক্ত আমিনুল সুকৌশলে বিস্কুট খাওয়ানোর লোভ দেখিয়ে দুই শিশুকে নিজের বসতবাড়ির শয়নকক্ষে ডেকে নিয়ে যায়। সেখানে শিশুদের জোরপূর্বক ধর্ষণ করা হয়। ঘটনার পর শিশুদের প্রাণনাশের হুমকি দিয়ে আমিনুল বলে, “কান্না করবা না এবং এই বিষয়ে তোমার বাড়ির কাউকে জানালে তোমাকে মেরে ফেলব।” এভাবে গত শুক্র ও শনিবার ৬ বছর বয়সী এক শিশুকে এবং রবিবার (১২ জুলাই) একইভাবে ৫ বছর বয়সী অন্য আরেকটি শিশুকেও সে ধর্ষণ করে বলে অভিযোগ ওঠে।
ভুক্তভোগী এক শিশুর পরিবার সূত্রে জানা যায়, ঘটনার পর শিশু দুটিকে অস্বাভাবিক কান্নাকাটি করতে দেখে পরিবারের সদস্যরা তাদের জিজ্ঞাসা করেন। এ সময় প্রথম শিশুটি ভয়ে কিছুই বলতে না পেরে শুধু কাঁদতে থাকে। পরে দ্বিতীয় শিশুটি প্রচণ্ড ব্যথার কথা জানিয়ে পুরো ঘটনাটি খুলে বলে। তাৎক্ষণিকভাবে বিষয়টি পরিবারের অন্য সদস্যদের জানানো হলে তারা শিশুদের চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যান।
এ বিষয়ে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মাছুদ বলেন, "গত রাতে দুই শিশু শারীরিক নির্যাতনের শিকার হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। শারীরিক পরীক্ষার সময় তাদের শরীরে আঘাতের দাগ পাওয়া গেছে। আমরা প্রাথমিকভাবে প্রয়োজনীয় আলামত ও নমুনা সংগ্রহ করেছি। শিশুরা বর্তমানে চিকিৎসাধীন রয়েছে এবং শারীরিকভাবে সুস্থ আছে।"
ঘটনার সত্যতা নিশ্চিত করে বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, ভুক্তভোগী পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশ সোমবার রাতেই অভিযান চালিয়ে অভিযুক্ত মো. আমিনুল ইসলামকে গ্রেপ্তার করেছে। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে প্রেরণের প্রক্রিয়া চলছে।
রিপোর্টার্স২৪/ধ্রুব