| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঠাকুরগাঁওয়ে ট্যাপেন্টাডল ও গাঁজাসহ চারজন গ্রেপ্তার

reporter
  • আপডেট টাইম: Jul ১৪, ২০২৬ ইং | ১৯:৫৩:৪৫:অপরাহ্ন  |  ৯০১ বার পঠিত
ঠাকুরগাঁওয়ে ট্যাপেন্টাডল ও গাঁজাসহ চারজন গ্রেপ্তার

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় পুলিশের পৃথক চারটি মাদকবিরোধী অভিযানে ইয়াবা, ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজাসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার রাত থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক চারটি মামলা হয়েছে।

পুলিশ জানায়, সোমবার রাত প্রায় ১০টা ৩৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার দুওসুও ইউনিয়নের সনগাঁও কোটাল নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে সাইফুল ইসলাম (২২) নামের এক যুবককে আটক করা হয়। পরে তাঁর দেহ তল্লাশি করে ১১টি ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি ট্যাবলেটগুলো বিক্রির উদ্দেশ্যে নিজের কাছে রেখেছিলেন বলে স্বীকার করেছেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

একই দিন বিকেলে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একটি দল উপজেলার চাড়োল ইউনিয়নের দোগাছি মধুপুর (ক্ষিরাপুকুর) এলাকায় অভিযান চালিয়ে সইদুল ইসলাম (৪৬) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করে। তাঁর হাতে থাকা একটি ব্যাগ থেকে ৩০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পুলিশ জানায়, উদ্ধার হওয়া গাঁজা বিক্রির উদ্দেশ্যে নিজের হেফাজতে রেখেছিলেন তিনি।

এদিকে মঙ্গলবার ভোররাত প্রায় ৪টার দিকে বালিয়াডাঙ্গী থানার আরেকটি দল উপজেলার ছোট সিঙ্গিয়া গ্রামে অভিযান চালিয়ে আল-আমিন (৪০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করে। তাঁর দেহ তল্লাশি করে ১০৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

অপরদিকে সোমবার গভীর রাতে উপজেলার সৌলাবন্দর এলাকায় পরিচালিত আরেক অভিযানে রাজকুমার গোস্বামী (৪৬) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তাঁর বসতবাড়ির একটি কক্ষ থেকে ১০১টি ইয়াবা ট্যাবলেট, ৮০টি ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং দুটি পুড়িয়ায় মোড়ানো গাঁজা উদ্ধার করা হয়। পুলিশের ভাষ্য, এসব মাদক বিক্রির উদ্দেশ্যে ঘরে সংরক্ষণ করা হয়েছিল।

পুলিশ জানিয়েছে, উদ্ধার করা আলামতের নমুনা রাসায়নিক পরীক্ষার জন্য সংরক্ষণ করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় পৃথক মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া নেওয়া হয়েছে।

বালিয়াডাঙ্গী থানা ও জেলা গোয়েন্দা শাখার কর্মকর্তারা জানান, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪