| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সড়কের নিচে সুড়ঙ্গ করে ড্রেজার পাইপ স্থাপন, চাঁদপুরে দুর্ঘটনার শঙ্কা

reporter
  • আপডেট টাইম: Jul ১৪, ২০২৬ ইং | ২৩:০৯:০২:অপরাহ্ন  |  ১০৩২ বার পঠিত
সড়কের নিচে সুড়ঙ্গ করে ড্রেজার পাইপ স্থাপন, চাঁদপুরে দুর্ঘটনার শঙ্কা

চাঁদপুর প্রতিনিধি:চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার নারায়নপুর বাজার এলাকায় আঞ্চলিক সড়কের নিচ দিয়ে সুড়ঙ্গ করে ড্রেজারের পাইপ স্থাপনের অভিযোগ উঠেছে। খাল থেকে অবৈধভাবে বালু উত্তোলনের উদ্দেশ্যে এ পাইপ বসানো হয়েছে বলে স্থানীয়দের দাবি। এতে সড়কের নিচের মাটি সরে গিয়ে ফাঁপা সৃষ্টি হওয়ায় যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন তারা।

স্থানীয় সূত্রে জানা গেছে, নারায়নপুর বাজারের পশ্চিম পাশে আল-বারাকা মডেল স্কুলসংলগ্ন চাঁদপুর–বাবুরহাট–মতলব–পেন্নাই আঞ্চলিক সড়কের নিচ দিয়ে পাইপ স্থাপন করা হয়েছে। এলাকাবাসীর অভিযোগ, একটি ড্রেজারের মাধ্যমে খাল থেকে বালু উত্তোলনের জন্য সড়কের নিচে এই সুড়ঙ্গ করা হয়।

স্থানীয়দের দাবি, আগে সড়কের ওপর দিয়ে ড্রেজারের পাইপ নেওয়া হলেও এবার ভিন্ন কৌশলে সড়কের নিচ দিয়ে পাইপ স্থাপন করা হয়েছে। এতে সড়কের নিচের মাটি সরে গিয়ে দুর্বল হয়ে পড়েছে। প্রতিদিন এই সড়ক দিয়ে বাস, ট্রাক, পিকআপ, সিএনজিচালিত অটোরিকশাসহ বিপুল সংখ্যক যানবাহন চলাচল করে। ফলে সড়ক ধসে পড়লে বড় ধরনের প্রাণহানির ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন তারা।

অভিযোগ রয়েছে, স্থানীয় প্রভাবশালী ব্যক্তিদের সহযোগিতায় এই কাজ করা হয়েছে। তবে সংশ্লিষ্টরা অভিযোগ অস্বীকার করেছেন।

ড্রেজারের মালিক হিসেবে অভিযুক্ত জিসান আহমেদ প্রথমে ড্রেজারের মালিক নন বলে দাবি করেন। পরে সড়কের নিচে সুড়ঙ্গ করে পাইপ স্থাপনের অনুমতি নেওয়া হয়েছিল কি না জানতে চাইলে তিনি কোনো স্পষ্ট উত্তর দেননি।

মতলব দক্ষিণ উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রানা প্রধানের বিরুদ্ধে ড্রেজার ব্যবসার সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ করেছেন স্থানীয়রা। এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘আমি এ ব্যবসার সঙ্গে জড়িত নই।’

নারায়নপুর পৌরসভার প্রস্তাবিত চেয়ারম্যান ইকবাল হোসেন হাওলাদার বলেন, “বিষয়টি শুনেছি। স্থানীয়রা জানিয়েছেন, রানা নামের একজন ড্রেজারের পাইপ স্থাপন করেছে। এতে সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে অভিযোগ রয়েছে। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানিয়ে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানাব।”

চাঁদপুর সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহা. ইউনুস আলী বলেন, “বিষয়টি এইমাত্র জানতে পেরেছি। দ্রুত তদন্ত করে দেখা হবে। সড়কের ক্ষতি হয়ে থাকলে এবং অনুমতি ছাড়া পাইপ স্থাপন করা হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”

এদিকে স্থানীয়রা দ্রুত পাইপ অপসারণ এবং অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবি জানিয়েছেন।

রিপোর্টার্স২৪/রাফিদ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪