শরীয়তপুর প্রতিনিধি: শরীয়তপুর সদর উপজেলার ঐতিহ্যবাহী সুবচনী উচ্চ বিদ্যালয়ের চার সদস্যবিশিষ্ট এডহক কমিটির সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন তরুণ সমাজসেবক, শিক্ষানুরাগী ও ছাত্রনেতা আবুল মনসুর আবদুল্লা (পান্থ তালুকদার)।
গত ১৪ জুলাই মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা জারি করা এক অফিস আদেশে ছয় মাস মেয়াদি এ কমিটির অনুমোদন দেওয়া হয়। বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন সংক্রান্ত প্রবিধানমালা-২০২৪ অনুযায়ী গঠিত এই কমিটির মেয়াদকালে নিয়মিত ম্যানেজিং কমিটি গঠনের প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়েছে।
অনুমোদিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন আবুল মনসুর আবদুল্লা (পান্থ তালুকদার)। সাধারণ শিক্ষক সদস্য হিসেবে রয়েছেন সেলিম মোল্লা, অভিভাবক সদস্য নজরুল ইসলাম তালুকদার এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদাধিকারবলে সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।
সভাপতি মনোনীত হওয়ায় স্থানীয় শিক্ষানুরাগী, অভিভাবক, শিক্ষক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাকে অভিনন্দন জানিয়েছেন। দায়িত্ব পালনে সবার সহযোগিতা, দোয়া ও পরামর্শ কামনা করে পান্থ তালুকদার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
উল্লেখ্য, পান্থ তালুকদারের পিতা বীর মুক্তিযোদ্ধা মরহুম জহির উদ্দিন তালুকদার ছিলেন সুবচনী উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি। তিনি শরীয়তপুর সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি এবং রুদ্রকর ইউনিয়ন পরিষদের একাধিকবার নির্বাচিত চেয়ারম্যান ছিলেন।
রিপোর্টার্স২৪/বাবি