ইন্টারন্যাশনাল ডেস্ক: দণ্ডিত প্রয়াত শিশু যৌন নিপীড়ক ও যৌন অপরাধী জেফরি এপস্টিনের সঙ্গে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের গোপন সম্পর্ক ছিল—এমন গুঞ্জন দীর্ঘদিন ধরেই ছিল। এবার সেই গুঞ্জনের পালে জোরালো হাওয়া দিলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তিনি বলেছেন, ইসরায়েলি গোয়েন্দা সংস্থাগুলোর একেবারে শীর্ষ মহলের সঙ্গে গভীর যোগাযোগ ছিল এপস্টিনের।
জো রোগানের পডকাস্টে এসে ভ্যান্স বলেন, 'মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর সর্বোচ্চ পর্যায়ে তার যে স্পষ্ট যোগাযোগ ছিল, তাতে কোনো সন্দেহ নেই। ইসরায়েলি গোয়েন্দা সংস্থাগুলোর শীর্ষ মহলের সঙ্গেও তার যোগাযোগ ছিল।'
ভ্যান্স সম্ভবত সাবেক ইসরায়েলি প্রধানমন্ত্রী এহুদ বারাকের সঙ্গে এপস্টিনের প্রমাণিত সম্পর্কের দিকে ইঙ্গিত করেছেন ।
মার্কিন ভাইস প্রেসিডেন্ট বলেন, 'ইসরায়েলের ডিপ স্টেটের মধ্যে যারা বাম-ঘেঁষা, মূলত তাদের সঙ্গেই এপস্টিনের বেশি ওঠাবসা ছিল বলে মনে হয়।'
ভ্যান্স আরও বলেন, 'ইসরায়েলি রাজনীতির ডানপন্থি শিবিরের সঙ্গে তার খুব একটা দহরম-মহরম ছিল, এমনটা নয়। তবে আমেরিকার ক্ষেত্রে চিত্রটা ছিল ভিন্ন। এখানে তার যোগাযোগ ছিল সর্বত্র। রিপাবলিকান দলেও যেমন তার বন্ধু ছিল, তেমনি ডেমোক্র্যাটদের মধ্যেও তার বন্ধুর অভাব ছিল না।'
অন্যদিকে এপস্টিনের গোপন নথি প্রকাশ্যে আনার ব্যাপারে ট্রাম্প প্রশাসন 'যোগাযোগের ক্ষেত্রে চরম গুবলেট পাকিয়েছে' বলেও স্বীকার করেন ভ্যান্স। তার মতে, শুরুতেই সব তথ্য একযোগে প্রকাশ করে দেওয়া উচিত ছিল। তবে একইসঙ্গে তিনি জোর দিয়ে বলেন, প্রশাসন কোনো তথ্য ধামাচাপা দেওয়ার চেষ্টা করেনি।
নথিপত্রগুলো গোপন রাখার পেছনে কোনো 'অনৈতিক প্রভাব' কাজ করেছিল কি না—এমন প্রশ্নের জবাবে ভ্যান্স বলেন, 'আমি সম্পূর্ণ অকপটে বলছি, এপস্টিনের নথির ব্যাপারে মানুষের কাছে বার্তা পৌঁছানোর ক্ষেত্রে আমরা আক্ষরিক অর্থেই গুবলেট পাকিয়ে ফেলেছি। কিন্তু যোগাযোগের এই ব্যর্থতার পেছনের কারণটা কি কিছু লুকানোর চেষ্টা? না।'
এপস্টিনের নথি ইস্যুতে ট্রাম্প প্রশাসনকে যখন খোদ প্রেসিডেন্টের নিজস্ব সমর্থক গোষ্ঠীর কাছ থেকেই তীব্র ক্ষোভের মুখে পড়তে হয়েছে, সেই সময়ে ভ্যান্সের এসব মন্তব্য করলেন।
ঠিক কোথায় গোলমালটা বাধল, সে প্রসঙ্গে মার্কিন ভাইস প্রেসিডেন্ট তৎকালীন অ্যাটর্নি জেনারেল প্যাম বন্ডির একটি প্রকাশ্য মন্তব্যের দিকে আঙুল তোলেন। বন্ডি সেসময় ইঙ্গিত দিয়েছিলেন, এপস্টিনের ক্লায়েন্ট তালিকা তার ডেস্কেই আছে। ভ্যান্স আরও বলেন, ২০২৫ সালের ফেব্রুয়ারিতে ডানপন্থি সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের হাতে তথ্যের যে বান্ডিলগুলো তুলে দেওয়া হয়েছিল, তার 'অধিকাংশই ছিল আগে থেকে প্রকাশিত পুরোনো নথি'।
'আমি জানি না এর পেছনের উদ্দেশ্য কী ছিল, তবে এর ফলাফলটা জানি। এর ফলে পুরো উদ্যোগটির ওপর মানুষ আস্থা হারিয়ে ফেলেছিল,' বলেন তিনি।
এপস্টিন হয়তো ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদেরই চর ছিলেন—এমন তত্ত্বের বিষয়ে প্রশ্ন করা হলে ভ্যান্স বলেন, 'হ্যাঁ, মোসাদ কিংবা সিআইএ, অথবা অন্য কোনো ডিপ স্টেট হতে পারে।’
রিপোর্টার্স২৪/এম এইচ