কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কাপাসিয়ায় যথাযোগ্য মর্যাদা ও শ্রদ্ধার সঙ্গে পালিত হয়েছে ‘জুলাই শহীদ দিবস-২০২৬’। দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে জুলাই আন্দোলনে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা, শোক ও কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি দেশে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন বক্তারা।
বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাফিজুল হক।
বিআরডিবি কর্মকর্তা দিলারা আক্তার মনি ফকিরের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) নাহিদুল হক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. হাবিবুর রহমান, কাপাসিয়া থানার ইন্সপেক্টর (তদন্ত) যোবায়ের আহমেদ, জেলা বিএনপির নেতা ও কাপাসিয়া বাজার ব্যবসায়ী সমিতির আহ্বায়ক আফজাল হোসাইন, জেলা মহিলা দলের সভাপতি জান্নাতুল ফেরদৌসী, জেলা বিএনপির সদস্য ও সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আজগর হোসেন খান, গাজীপুর জেলা জামায়াতের নায়েবে আমির ও কেন্দ্রীয় শূরা সদস্য মাওলানা শেফাউল হক, কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি ও উপজেলা বিএনপির আহ্বায়ক সদস্য এফ এম কামাল হোসেন, জুলাই আন্দোলনের সমন্বয়ক রাশেদুল ইসলাম রবি, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ইমরান হোসেন শিশির, সমন্বয়ক মোদাসির ইসলাম খান, জুলাই শহীদ জাকির হোসেনের স্ত্রী জান্নাতুল নাঈম এবং জুলাই যোদ্ধা প্রভাষক শামীমা চৌধুরী সিমু।
এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে উপজেলা কমপ্লেক্স জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা খালেদ সাইফুল্লাহ পবিত্র কোরআন তেলাওয়াত করেন। পরে জুলাই আন্দোলনে শহীদদের রুহের মাগফিরাত এবং আহত যোদ্ধাদের দ্রুত সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, ১৬ জুলাই বাংলাদেশের জাতীয় ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ও অবিস্মরণীয় দিন। ২০২৪ সালের এই দিনে রাষ্ট্রীয় নিপীড়ন, প্রাণঘাতী শক্তির ব্যবহার ও ভয়ভীতির রাজনীতির বিরুদ্ধে নিরস্ত্র ছাত্র-জনতা যে সাহসী প্রতিরোধ গড়ে তুলেছিলেন, তা জাতির বিবেককে নাড়া দিয়েছিল।
বক্তারা আরও বলেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে দুই হাত প্রসারিত করে অন্যায়ের বিরুদ্ধে বুক চিতিয়ে দাঁড়িয়ে থাকা শহীদ আবু সাঈদের দৃশ্য শুধু একটি মুহূর্ত ছিল না; এটি ছিল অধিকারবঞ্চিত একটি জাতির ভয়কে জয় করার প্রতীক। তার আত্মত্যাগ আগামী প্রজন্মকে ন্যায়, অধিকার ও গণতন্ত্রের পথে এগিয়ে যাওয়ার প্রেরণা দেবে।
রিপোর্টার্স২৪/ঝুম