| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শরীয়তপুরে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন

reporter
  • আপডেট টাইম: Jul ১৬, ২০২৬ ইং | ২১:৪২:২০:অপরাহ্ন  |  ১৮৭ বার পঠিত
শরীয়তপুরে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন

শরীয়তপুর প্রতিনিধি: ‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে শরীয়তপুরে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) বেলা ১১ টায় শরীয়তপুর সদর উপজেলা চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন করেন, বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ ও শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু।

উদ্বোধনী বক্তব্যে হুইপ অপু বলেন, জলবায়ু পরিবর্তন ও বৈশ্বিক উষ্ণতার ভয়াবহ প্রভাব মোকাবিলায় ব্যাপকভাবে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ, নিরাপদ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে বেশি বেশি গাছ লাগাতে হবে। তিনি আরও বলেন, বৃক্ষরোপণ শুধু একটি কর্মসূচি নয়, এটি ভবিষ্যৎ প্রজন্মের প্রতি আমাদের দায়িত্ব।

শরীয়তপুর জেলা প্রশাসন ও বন বিভাগের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, জেলা প্রশাসক মিজ তাহসিনা বেগম।

বিশেষ অতিথি ছিলেন, শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য আলহাজ সাঈদ আহমেদ আসলাম, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য এ্যাড. শওকত আরা আক্তার ঊর্মি, শরীয়তপুর জেলা পরিষদের প্রশাসক সরদার একেএম নাসির উদ্দীন কালু, অতিরিক্ত পুলিশ সুপার মো. তানভীর হোসেন (পিপিএম) এবং সামাজিক বনায়নের ফরিদপুর বিভাগীয় বন কর্মকর্তা মো. তারিকুল ইসলাম।

অনুষ্ঠান শেষে প্রধান অতিথি অন্যান্য অতিথিদের সঙ্গে নিয়ে বৃক্ষমেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। মেলায় জেলার বিভিন্ন সরকারি ও বেসরকারি নার্সারিতে উৎপাদিত বনজ, ফলদ ও ঔষধি গাছের নানা প্রজাতির চারা প্রদর্শন ও বিক্রির ব্যবস্থা করা হয়।

এর আগে জেলা শহরের ডাকবাংলো মোড় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মেলা প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

অনুষ্ঠানে জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং বিপুলসংখ্যক সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪