কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার কোতয়ালী মডেল থানা এলাকায় অভিযান চালিয়ে ১০০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি নোহা গাড়িও জব্দ করা হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, বুধবার (১৫ জুলাই) সকালে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১, সিপিসি-২ এর একটি বিশেষ আভিযানিক দল কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন রঘুরামপুর এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে মো. অন্তর ও মো. বাধন নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
অভিযানকালে তাদের হেফাজত থেকে ১০০ কেজি অবৈধ গাঁজা উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত একটি নোহা গাড়িও জব্দ করা হয়।
প্রাথমিক অনুসন্ধানে র্যাব জানতে পারে, গ্রেফতারকৃত অন্তর কুমিল্লা নগরীর দ্বিতীয় মুরাদপুর এলাকার বিল্লাল মিয়ার ছেলে এবং বাধন নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার চনপাড়া গ্রামের বাসিন্দা।
র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দীর্ঘদিন ধরে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে নোহা গাড়ির মাধ্যমে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে পাইকারি ও খুচরা পর্যায়ে সরবরাহ করে আসছিল।
রিপোর্টার্স২৪/ধ্রুব