| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ওয়ারিশ পরিবর্তন করে অন্যের বাড়িতে অগ্নিসংযোগ, লুটপাট

reporter
  • আপডেট টাইম: Jul ১৬, ২০২৬ ইং | ২২:০৮:৩৬:অপরাহ্ন  |  ১০৩২০৪৬ বার পঠিত
ওয়ারিশ পরিবর্তন করে অন্যের বাড়িতে অগ্নিসংযোগ, লুটপাট

নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর জলঢাকা উপজেলার কৈমারী ইউনিয়নের বালাপালা রথবাজার এলাকায় ওয়ারিশ পরিবর্তনের মাধ্যমে জমি আত্মসাতের চেষ্টার অভিযোগকে কেন্দ্র করে একটি বাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে বুধবার নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী আবুল কালাম আজাদের পরিবারের সদস্যরা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তারা অভিযোগ করেন, পারিবারিক সম্পত্তির ওয়ারিশ পরিবর্তন করে তাদের বৈধ সম্পত্তি দখলের অপচেষ্টা চালানো হচ্ছে। এরই ধারাবাহিকতায় আবুল কালাম আজাদের চাচা আবু বক্কর সিদ্দিকের ছেলে আব্দুস সাত্তার সংঘবদ্ধ লোকজন নিয়ে তাদের বাড়িতে হামলা চালান।

তাদের দাবি, হামলার সময় বাড়িঘরে ভাঙচুর চালানো হয়, মূল্যবান মালামাল লুটপাট করা হয় এবং পরে অগ্নিসংযোগ করা হয়। এতে পরিবারটি ব্যাপক আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছে।

ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানান, ঘটনার পর থেকে তারা চরম নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছেন। অভিযুক্তদের ভয়ে স্বাভাবিক জীবনযাপন ব্যাহত হচ্ছে বলেও সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়।

সংবাদ সম্মেলনে তারা ঘটনার নিরপেক্ষ তদন্ত, প্রকৃত দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা এবং তাদের জানমালের নিরাপত্তায় প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন। একই সঙ্গে সম্পত্তি-সংক্রান্ত বিরোধের সুষ্ঠু তদন্তের মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠারও দাবি জানান।

উল্লেখ্য, অভিযোগগুলোর বিষয়ে অভিযুক্তদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তাদের বক্তব্য পাওয়া গেলে তা প্রকাশ করা হবে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪