| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কবিরহাটে মাদক সেবনে বাঁধা দেওয়ায় ব্যবসায়ীকে ছুরিকাঘাতে খুন

reporter
  • আপডেট টাইম: Jul ১৬, ২০২৬ ইং | ২২:৫৬:৫৭:অপরাহ্ন  |  ২৬২ বার পঠিত
কবিরহাটে মাদক সেবনে বাঁধা দেওয়ায় ব্যবসায়ীকে ছুরিকাঘাতে খুন

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কবিরহাট উপজেলার সুন্দলপুর ইউনিয়নে মাদক সেবনে বাধা দেওয়াকে কেন্দ্র করে ফারুক হোসেন শহীদ (৫০) নামে এক ফার্নিচার ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত দুই যুবককে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয়রা।

বুধবার রাত ১১টার দিকে উপজেলার তেঁতুলতলা বাজারসংলগ্ন পল্লী বিদ্যুৎ উপকেন্দ্রের সামনে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় শহীদকে প্রথমে কবিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পরে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে ঢাকায় নেওয়ার পথে চৌমুহনী চৌরাস্তা এলাকায় অ্যাম্বুলেন্সেই তার মৃত্যু হয়।

নিহত ফারুক হোসেন শহীদ উপজেলার উত্তর সুন্দলপুর এলাকার বাসিন্দা এবং তেঁতুলতলা বাজারে একটি ফার্নিচারের দোকানের মালিক ছিলেন।

স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার মাদক সেবনে বাধা দেওয়াকে কেন্দ্র করে অভিযুক্ত আরশাদ হোসেন ওরফে আকা (২২) ইট দিয়ে আঘাত করে নিজের বাবা আমিন মিয়ার মাথা ফাটিয়ে দেন। ওই ঘটনার পর ব্যবসায়ী শহীদ তাকে মাদক সেবন থেকে বিরত থাকতে এবং এলাকা ছাড়ার পরামর্শ দেন। এতে ক্ষুব্ধ হয়ে আকা বুধবার রাত থেকে ধারালো অস্ত্র নিয়ে শহীদকে খুঁজতে থাকে।

রাত ১১টার দিকে বাজারে দোকান বন্ধ করে বাইরে দাঁড়িয়ে থাকা অবস্থায় আকা পেছন থেকে ধারালো ছুরি দিয়ে শহীদের কোমরের ডান পাশে আঘাত করে। এ সময় স্থানীয়রা ধাওয়া করে আকা ও তার সহযোগী আকাশকে (২৪) আটক করে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেন।

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোমেল বড়ুয়া জানান, মরদেহ নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে এবং হত্যাকাণ্ডের ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪