চাঁদপুর প্রতিনিধি: চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক বলেছেন, জুলাই আন্দোলনে জীবন উৎসর্গকারী শহিদদের আত্মত্যাগ জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তিনি বলেন, সাধারণ শিক্ষার্থী ও সর্বস্তরের মানুষের অংশগ্রহণেই আন্দোলনের সফলতা এবং পরবর্তী পরিবর্তন সম্ভব হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) জুলাই শহিদ দিবস উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এমপি মানিক বলেন, জুলাই আন্দোলনে শহিদ পরিবারের বেদনা ভাষায় প্রকাশের নয়। তাদের আত্মত্যাগের যথাযথ মর্যাদা দিতে প্রতি বছর আলোচনা সভা, দোয়া মাহফিলসহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে শহিদদের স্মরণ করা উচিত।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. এরশাদ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মো. মিজানুর রহমান ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএমএন জামিউল হিকমা।
অনুষ্ঠানে জুলাই আন্দোলনের স্মৃতিচারণ করেন জুলাই যোদ্ধা সাজ্জাদের পিতা জসিম রেজা। এছাড়া বক্তব্য দেন জিয়াউর রহমান সোহাগ, জেলা ছাত্রদলের সহ-সভাপতি মামুন খান, সদস্য ফজলুর রহমান, যুগ্ম আহ্বায়ক মো. জিহাদ হোসেন, গাজী বাহার, জুলাই যোদ্ধা নাজমুত সালাত সাকিব ও সাগর হোসেন।
এ সময় জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. কবির হোসেন সরদার, জেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ রুহুল্লাহ, গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী নাসিম আহমেদ টিটো, পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মো. মিজানুর রহমান, জেলা জজ আদালতের পিপি অ্যাডভোকেট কোহিনুর আক্তার, চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদীসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতা, সুশীল সমাজের প্রতিনিধি ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে জুলাই শহিদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এর আগে জেলা প্রশাসনের উদ্যোগে কেন্দ্রীয় শহিদ মিনার সংলগ্ন জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহিদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।
রিপোর্টার্স২৪/বাবি