| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

গাজীপুরে শুরু হলো ভাওয়াল রাজাদের শতবর্ষের মানিক্য মাধবের রথযাত্রা

reporter
  • আপডেট টাইম: Jul ১৬, ২০২৬ ইং | ২৩:০৬:৪৭:অপরাহ্ন  |  ৪৩১ বার পঠিত
গাজীপুরে শুরু হলো ভাওয়াল রাজাদের শতবর্ষের মানিক্য মাধবের রথযাত্রা

গাজীপুর প্রতিনিধি: ধর্মীয় ভাবগাম্ভীর্য, উৎসবমুখর পরিবেশ এবং সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য আবহে গাজীপুরে শুরু হয়েছে ভাওয়াল রাজাদের শতবর্ষের ঐতিহ্যবাহী শ্রী শ্রী মানিক্য মাধবের রথযাত্রা ও রথমেলা। 

রথযাত্রার পাশাপাশি শুরু হয়েছে ২০ দিনব্যাপী ঐতিহ্যবাহী রথমেলা, যা গাজীপুরসহ আশপাশের জেলা থেকে আসা হাজারো মানুষের মিলনমেলায় পরিণত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে গাজীপুর প্রেসক্লাব সংলগ্ন বটমঞ্চে বিশেষ ধর্মীয় আচার-অনুষ্ঠান ও ঐতিহ্যবাহী রথ টানার মধ্য দিয়ে এই মহোৎসবের আনুষ্ঠানিক সূচনা হয়। 

রথযাত্রার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-২ আসনের সাংসদ ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম. মঞ্জুরুল করিম রনি।

উদ্বোধন শেষে হাজারো ভক্ত ও দর্শনার্থীর অংশগ্রহণে ঐতিহ্যবাহী রথ টানার কর্মসূচি সম্পন্ন হয়। জয়দেবপুর শহরের রথখোলা ও আশপাশের এলাকা ভক্তদের জয়ধ্বনি আর উৎসবের আমেজে মুখর হয়ে ওঠে। 

প্রধান অতিথির বক্তব্যে এম.মঞ্জুরুল করিম রনি বলেন, শ্রী শ্রী মানিক্য মাধবের রথযাত্রা কেবল একটি ধর্মীয় উৎসব নয়, এটি গাজীপুরের ঐতিহ্য এবং সাম্প্রদায়িক সম্প্রীতির এক জীবন্ত প্রতীক। 

তিনি আরো বলেন, যেকোনো ধর্মীয় উৎসব শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে করতে তারা অতীতেও পাশে ছিলেন এবং ভবিষ্যতেও থাকবেন। উৎসবে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি দলের নেতাকর্মীরাও সার্বিক সহযোগিতায় নিয়োজিত থাকবেন বলে তিনি আশ্বস্ত করেন।

জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়া বলেন, রথযাত্রা ও রথমেলাকে ঘিরে দর্শনার্থীদের নিরাপত্তা, শৃঙ্খলা এবং তাদের সুবিধা নিশ্চিত করতে জেলা প্রশাসন সর্বোচ্চ সতর্কতা ও প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে। 

আয়োজকদের তথ্য অনুযায়ী, রথখোলা এলাকায় আয়োজিত মেলায় নাগরদোলা,সার্কাস,পুতুল নাচ, শিশুদের বিনোদনের জন্য বিভিন্ন রাইড এবং দেশি হস্তশিল্প, খেলনা ও মিষ্টান্নসহ শতাধিক স্টল বসেছে। 

জেলা প্রশাসনের তত্ত্বাবধানে পরিচালিত এই উৎসব আগামী ২০ দিন ধরে দর্শনার্থীদের পদচারণায় মুখর থাকবে বলে আশা করা হচ্ছে। এই মেলা একদিকে যেমন স্থানীয় সংস্কৃতি সংরক্ষণ ও ধর্মীয় সম্প্রীতি সুদৃঢ় করবে, অন্যদিকে ক্ষুদ্র ব্যবসা-বাণিজ্যেও ইতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪